...|...|...

বিশ্ব

চাকরিপ্রত্যাশীদের জন্য দুঃসংবাদ দিল কানাডা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, বিকেল ৫:১৬ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, বিকেল ৫:১৮
Shares
চাকরিপ্রত্যাশীদের জন্য দুঃসংবাদ দিল কানাডা

ছবি: সংগৃহীত

কানাডার শ্রমবাজারে অব্যাহত ধসের কারণে টানা দুই মাসে প্রায় ১ লাখ ১০ হাজার চাকরি কমেছে। দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থা স্ট্যাটিসটিকস কানাডার তথ্য অনুযায়ী, কেবল সেপ্টেম্বর মাসেই ৬৮ হাজার ৩০০টি চাকরি লোপ পেয়েছে। এতে সার্বিক বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৫ শতাংশে।

স্ট্যাটিসটিকস কানাডার প্রকাশিত শ্রমশক্তি জরিপে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটির তথ্যমতে, গত আগস্টে ৪১ হাজার ৭০০টি চাকরি কমার পর সেপ্টেম্বরে তা আরও ত্বরান্বিত হয়। এর ফলে বছরের শুরুতে অর্জিত কর্মসংস্থানের বড় একটি অংশই অর্থনীতি থেকে হারিয়ে গেছে।

প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বড় ধাক্কা এসেছে ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণদের ওপর। সেপ্টেম্বরে এই বয়সীদের কর্মসংস্থান কমেছে ৪৮ হাজার, যার ফলে তরুণদের মধ্যে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ১৩ শতাংশে। নতুন স্নাতক ও শিক্ষার্থীদের কর্মসংস্থানে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা দেখা দিয়েছে।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক সহায়তা খাতের পাশাপাশি সরকারি খাতেও কর্মী ছাঁটাই হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে উৎপাদনশিল্পে চাকরি কমেছে প্রায় ১২ হাজার ৭০০টি।

প্রদেশভিত্তিক চিত্রে কুইবেক ও ব্রিটিশ কলাম্বিয়ায় চাকরি কমলেও আলবার্টায় সামান্য নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। অন্যদিকে চাকরির সুযোগ কমলেও শ্রমিকদের গড় ঘণ্টাপ্রতি মজুরি কিছুটা বেড়েছে।

তবে টানা কর্মসংস্থান পতনের ফলে নবাগত অভিবাসী ও চাকরিপ্রার্থীদের অনিশ্চয়তা আরও বাড়ল বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।