...|...|...

বিশ্ব

ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেফতার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:০৬ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:১৩
Shares
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেফতার

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের বিজনরে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি শব্দে লাউডস্পিকারে আজান দেওয়ার অভিযোগে মোহাম্মদ ফাইজান নামের এক মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে ওই মসজিদের মাইক জব্দ করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে এক বিট কনস্টেবলকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (১০ অক্টোবর) বিজনরের নাজিবাবাদ এলাকায় একটি অভিযোগ শুনানি অনুষ্ঠানে যাওয়ার পথে জেলা ম্যাজিস্ট্রেট উমেশ প্রতাপ সিং ও পুলিশ সুপার কৃষ্ণ কুমার বিষ্ণোই মসজিদ থেকে উচ্চশব্দে আজানের আওয়াজ শুনতে পান। নির্ধারিত মাত্রার চেয়ে বেশি শব্দ হওয়ায় সাথে সাথে পুলিশকে আইনি ব্যবস্থার নির্দেশ দেন পুলিশ সুপার।

নির্দেশ পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক জব্দ করে এবং মুয়াজ্জিনকে আটক করে। পরে শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন ও শান্তিভঙ্গের অভিযোগে মামলা দিয়ে তাকে স্থানীয় আদালতে হাজির করা হলে উপবিভাগীয় ম্যাজিস্ট্রেট মুয়াজ্জিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনায় শব্দ নিয়ন্ত্রণের বিধিনিষেধ কার্যকর করতে ব্যর্থ হওয়ায় বিট কনস্টেবল ললিত কুমারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর পাশাপাশি বিজনরের সব থানার আওতাধীন উপাসনালয়গুলোর মাইক নির্ধারিত শব্দসীমার মধ্যে ব্যবহার করা হচ্ছে—এমন মর্মে বিট কনস্টেবলদের মাধ্যমে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা পুলিশ প্রশাসন।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল সিং জানিয়েছেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে আদালত ও সরকারের নির্দেশনা মেনে জেলাজুড়ে এই অভিযান চলছে। সব ধর্মীয় প্রতিষ্ঠানকে নির্ধারিত নিয়ম মেনে মাইক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত সেপ্টেম্বর মাসে জেলাজুড়ে অভিযান চালিয়ে বিভিন্ন উপাসনালয় থেকে মোট ২ হাজার ৫০৯টি অতিরিক্ত মাইক সরিয়ে নেয় স্থানীয় প্রশাসন। এর মধ্যে ১ হাজার ৩২৩টি মসজিদ, ১ হাজার ১১৬টি মন্দির এবং ৭০টি গুরুদুয়ারার মাইক ছিল।