জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের প্রতিষ্ঠিত ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্টুডিও কর্তৃপক্ষের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে একদল দুর্বৃত্ত স্টুডিওতে হামলা চালায়। এ সময় সিসিটিভি ক্যামেরাসহ স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। পাশাপাশি বেশ কিছু মালামাল লুট করে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১টা ৩৩ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় স্টুডিওর ক্ষয়ক্ষতির বিষয়টি অনুসারীদের জানান সালমান মুক্তাদির। ভিডিওতে স্টুডিওর ভেতরের বিভিন্ন স্থানে ভাঙচুরের চিত্র দেখা যায়।
এদিকে ঘটনাটি সম্পর্কে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, জায়গা দখলকে কেন্দ্র করে ইসিবি চত্বরের একটি অফিসে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে ছোরাসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
স্টুডিও কর্তৃপক্ষের পক্ষ থেকে চাঁদা দাবির অভিযোগ করা হলেও হামলার পেছনে প্রকৃত কারণ কী এবং আটক দুজনের সঙ্গে ঘটনার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান মুক্তাদিরের অনুসারীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং লুট হওয়া মালামালের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



