চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে তাসমিন নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ডেঙ্গুতে মারা যাওয়া তাসমিন নগরীর পাহাড়তলী এলাকার বাসিন্দা। গত ১০ সেপ্টেম্বর তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১১ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। ডেঙ্গু শক সিনড্রোমে তার মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে চমেক হাসপাতালে চারজন, জেনারেল হাসপাতালে একজন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আটজন মারা গেছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ৮৬ জনের মধ্যে চমেক হাসপাতালে ৩৫ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১০ জন, ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নয়জন, চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঁচজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৮ জন চিকিৎসা নিচ্ছেন।


