...|...|...

বিশ্ব

গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ ৪ ফিলিস্তিনি নিহত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:২০
Shares
গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ ৪ ফিলিস্তিনি নিহত

ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় শিশুসহ অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ বছর বয়সী এক শিশু এবং গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বারশের ছেলে বাসির আল-বারশও রয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) গাজার স্বাস্থ্য কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের উত্তরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হওয়ার পর ১০ বছর বয়সী শিশুটির মৃত্যু হয়।

এদিকে উত্তর গাজার জাবালিয়ায় বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয়কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় নিহত হন বাসির আল-বারশ। তিনি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বারশের ছেলে। ছেলের জানাজায় বক্তব্য দেওয়ার সময় মুনির আল-বারশ এ হত্যাকাণ্ডকে ইসরায়েলি বাহিনীর চলমান হামলারই ধারাবাহিকতা বলে মন্তব্য করেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে, গাজা শহরের আশপাশে পৃথক হামলায় আরও দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই শিশুও রয়েছে; তাদের একজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

এদিকে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের পূর্বদিকে ইসরায়েলি সামরিক যান থেকে মাঝেমধ্যে গুলিবর্ষণের খবর পাওয়া গেছে। দক্ষিণ গাজার খান ইউনিসের আল-শাকুশ এলাকাতেও ইসরায়েলি বাহিনী গুলি চালানোর পাশাপাশি ড্রোন থেকে বোমা হামলা চালিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি ও রাফাহসংলগ্ন এলাকাতেও ইসরায়েলি হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের খবর পাওয়া গেছে।

হামলাগুলোর বিষয়ে এএফপির পক্ষ থেকে জানতে চাওয়া হলেও ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় নিয়মিত হামলার খবর পাওয়া যাচ্ছে। আল-জাজিরার হিসাবে, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৩৯০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৪ হাজার ৮০০-এর বেশি আহত হয়েছেন।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৩ হাজার ৯১০-এ পৌঁছেছে। আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৯৩৫ জনের বেশি।