গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের উত্তর আনালেরতাড়ী গ্রামে বাড়ির সামনে পুকুরের পানিতে ডুবে মাহাদী নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মাহাদী ওই গ্রামের মোখলেছুর মিয়ার ছেলে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বাড়ির সামনে খেলতে গিয়ে একপর্যায়ে সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে দেখতে পান তারা।
স্থানীয়রা জানান, শিশুটি বাড়ির সামনে খেলছিল। খেলতে খেলতে একসময় সে পুকুরের কাছে চলে যায় এবং অসাবধানতাবশত পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
নিহতের বিষয়টি নিশ্চিত করে খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানি বলেন, অসতর্কতার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। শিশুদের পুকুর, ডোবা, খালসহ যেকোনো জলাশয়ের আশপাশে একা যেতে না দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।


