...|...|...

সারাদেশ

কুড়িগ্রামে ইউরিয়া সার বিতরণে হট্টগোল, সড়ক অবরোধ

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:২৮
Shares
কুড়িগ্রামে ইউরিয়া সার বিতরণে হট্টগোল, সড়ক অবরোধ

কুড়িগ্রামে ইউরিয়া সার বিতরণে হট্টগোল। ছবি: ভিডিও থেকে নেওয়া।

কুড়িগ্রামে ইউরিয়া সার বিতরণকে কেন্দ্র করে জেলার কয়েকটি এলাকায় হট্টগোল ও সাময়িক সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। তবে প্রশাসন, পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তাদেরহস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং পরে সার বিতরণ কার্যক্রম স্বাভাবিক রাখা হয়।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকেই সদর উপজেলার মাঠেরপাড়, ঘোগাদহসহ বিভিন্ন ডিলার পয়েন্টে শত শত কৃষকের দীর্ঘ লাইন দেখা যায়।

চাহিদার তুলনায় কম সার দেওয়া এবং বিতরণে অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন কৃষকরা। একপর্যায়ে কয়েকটি স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়লে কৃষকরা সাময়িক সড়ক অবরোধ করেন।

খবর পেয়ে উপজেলা প্রশাসন, সদর থানা পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের সাথে কথা বলেন। পরে অতিরিক্ত নজরদারির মধ্য দিয়ে সার বিতরণ পুনরায় শুরু হয়।

সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক নুরুল হক বলেন, আমার সারের চাহিদা দুই বস্তা। সেখানে এক বস্তা পাচ্ছি। টাকা দিয়ে সার কিনতেও যদি এমন হয়, তাহলে আবাদ করব কীভাবে?

এদিকে কৃষকদের দাবি, আমন মৌসুমে যেন চাহিদাঅনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করা হয়। তা না হলে ভোগান্তি ও বিশৃঙ্খলার পুনরাবৃত্তি ঘটবে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, জেলায় কোনো সারের সংকট নেই।চাহিদার তুলনায় প্রায় এক হাজার মেট্রিক টন ইউরিয়া সার অতিরিক্ত মজুত রয়েছে। একটি পক্ষ সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

জেলা প্রশাসন জানিয়েছে, সার বিতরণে অনিয়ম ঠেকাতে ডিলার পয়েন্টগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।