...|...|...

বিশ্ব

গণভোটে ইইউতে যোগদানের আলোচনা প্রত্যাখ্যান আইসল্যান্ডের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, দুপুর ২:৫৮ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৫৫
Shares
গণভোটে ইইউতে যোগদানের আলোচনা প্রত্যাখ্যান আইসল্যান্ডের

ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সদস্যপদ নিয়ে আলোচনা শুরুর সরকারি প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান করেছে আইসল্যান্ড। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম আরইউভি জানিয়েছে, ভোট গণনা প্রায় শেষ পর্যায়ে থাকতেই ‘না’ পক্ষ এগিয়ে ছিল।

রবিবার (৩০ আগস্ট) আরইউভির অনলাইন ব্যালট গণনা অনুযায়ী, দেশটির ছয়টি ভোটকেন্দ্রের মধ্যে একটিতে অল্প কিছু ভোট গণনা বাকি থাকার সময় ‘না’ শিবির পেয়েছে ৫২ দশমিক ৫ শতাংশ ভোট। আর ইইউতে যোগদানের পক্ষে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪৭ দশমিক ৫ শতাংশ।

আরইউভি জানিয়েছে, ভোটাররা ইইউর সঙ্গে যোগদানের আলোচনা শুরু করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

ইইউ সদস্যপদ নিয়ে আলোচনা শুরু করাকে সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে তুলে ধরেছিল। প্রধানমন্ত্রী ক্রিস্টরুন ফ্রস্টাডটিয়ার আগস্টে বলেছিলেন, ‘না’ ভোট পড়লে আইসল্যান্ডের ইইউ সদস্যপদ নিয়ে চলমান সব আলোচনা ও জল্পনার অবসান হবে।

ইইউতে যোগদানের পক্ষে থাকা ব্যক্তিরা বলেছিলেন, সদস্যপদ পেলে দেশটির উচ্চ সুদের হার কমতে পারে এবং ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক অস্থিরতার মধ্যে নিরাপত্তা আরও শক্তিশালী হতে পারে।

অন্যদিকে, বিরোধীরা দাবি করেন, ইইউর সদস্য হলে আইসল্যান্ডের সার্বভৌমত্ব ও গুরুত্বপূর্ণ মৎস্য খাত হুমকির মুখে পড়তে পারে।

২০০৯ সালে বৈশ্বিক আর্থিক সংকটের পর আইসল্যান্ড প্রথমবারের মতো ইইউতে যোগদানের আবেদন করেছিল। তবে ২০১৩ সালে ইউরো-সংশয়ী একটি সরকার সেই আলোচনা স্থগিত করে দেয়।