খুলনা নগরীর দোলখোলা মোতলেবের মোড়ে ব্যবসায়ী আব্দুল হক হাওলাদারকে গুলি করার ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় শিবলী হোসেন রুবেল (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানান, তিনি খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ ও আশিক গ্রুপের সক্রিয় সদস্য। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ডিবি) মোহাম্মদ আহদুজ্জামান মিয়া।
তিনি জানান, মঙ্গলবার (৪ আগস্ট) ভোর পৌনে ৪টার দিকে নগরীর দোলখোলা মোতলেবের মোড়ে আব্দুল হক হাওলাদার নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। ঘটনার পরপরই নগর গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ আগস্ট) রাতে ডিবি ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে নগরীর নিরালা আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানে শিবলী হোসেন রুবেলকে গ্রেফতার করা হয়। তিনি রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের মজিবর আকনের ছেলে।
ডিসি (ডিবি) জানান, অভিযানের সময় রুবেলের শয়নকক্ষ তল্লাশি করে একটি শপিং ব্যাগের ভেতর থেকে বিদেশি একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসব আলামত জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেফতার রুবেল খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ ও আশিক গ্রুপের সদস্য। তার বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে এবং দীর্ঘদিন ধরে তিনি অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত।
ডিবি সূত্র জানায়, দোলখোলায় গুলির ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার রুবেলকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সাথে জড়িত অন্য সহযোগীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির ঘটনায় এবং দোলখোলার গুলিবর্ষণের ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে এ ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


