খুলনা সদর থানার বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি পাইপগান ও দুই রাউন্ড তাজা শর্টগানের কার্তুজসহ মো. আল আমিন হাওলাদার ভেলু (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ (কেএমপি)।
পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তি চিহ্নিত সন্ত্রাসী গ্রেনেড বাবু গ্রুপের সক্রিয় সদস্য ও শুটার।
কেএমপি সূত্রে জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) দিনগত রাত ১২টা ৫ মিনিটের দিকে খুলনা সদর থানাধীন বড় মির্জাপুর ইউসুফ সড়কের আমেনা মঞ্জিলের নিচতলার পশ্চিম পাশের একটি কক্ষের সানসেটের ওপর অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে দেশীয় তৈরি একটি পাইপগান ও দুই রাউন্ড তাজা শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। পরে অস্ত্রসহ মো. আল আমিন হাওলাদার ভেলুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আল আমিন হাওলাদার ভেলু খুলনা নগরীর বানিয়াখামার এলাকার বিগে মেইন রোডের বাসিন্দা। তার বাবার নাম আকব্বার হাওলাদার এবং মায়ের নাম আমেনা বেগম।
পুলিশের তথ্য অনুযায়ী, আল আমিন ঢাকার শাহবাগ থানার চাঞ্চল্যকর শহীদ মিনারের সামনে জোড়া খুনের মামলার ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে উল্লেখিত পলাতক আসামি। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কেএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতার আল আমিনের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০২৬ সালের ৩ জুলাই লবণচরা থানায় হত্যা চেষ্টা, মারামারি, হামলা ও হুমকিসহ বিভিন্ন ধারায় একটি মামলা হয়। একই বছরের ১৭ জুন খুলনা সদর থানায় হত্যা চেষ্টা, মারামারি, হামলা ও হুমকির অভিযোগে আরেকটি মামলা করা হয়।
এ ছাড়া ২০২৬ সালের ১৬ মার্চ ঢাকার শাহবাগ থানায় পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা করা হয়। ওই মামলাই শহীদ মিনারের সামনের জোড়া খুনের ঘটনায় দায়ের করা মামলা বলে জানিয়েছে পুলিশ।
কেএমপি বলছে, নগরীতে সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।


