খুলনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের
ধাক্কায় দুই জন ভ্যান যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে খুলনা-সাতক্ষীরা
মহাসড়কের ডুমুরিয়ার গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ভ্যান চালকসহ ৫
জন গুরুতর আহত হয়। পরে সন্ধ্যা সাতটার দিকে কালিপদ মন্ডল ও রাত সাড়ে আটটার দিকে ইলিয়াস
সরদার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর বাকি ৩ জনকে
ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি লাশ নিয়ে অ্যাম্বুলেন্সটি সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বেপরোয়া গতির ফলে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দেয়।
এতে আহত পাঁচজনকে উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা
মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার
দিকে ইলিয়াস সরদার মারা যায় ও সন্ধ্যা সাতটার দিকে কালিপদ মন্ডলের মৃত্যু হয়।
খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের
ওসি মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ঘটনার পর অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যায়। নিহতদের মরদেহ
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

