...|...|...

রাজনীতি

খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও পরাজিত হননি, পালিয়ে গেছেন হাসিনা: রিজভী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, রাত ৯:১৫ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:২৬
Shares
খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও পরাজিত হননি, পালিয়ে গেছেন হাসিনা: রিজভী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও রাজনৈতিকভাবে পরাজিত হননি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। একই সাথে তিনি দাবি করেন,  হাসিনা রাজনৈতিকভাবে পরাজিত হয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর নীলক্ষেতের আইসিএমএ ভবন অডিটোরিয়ামে ‘মহীয়সী বেগম খালেদা জিয়া—ঐক্য, সংহতি ও আলোকিত দ্বীপ’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে পরিত্যক্ত কারাগারে বন্দি করে রেখেছিলেন। কারাগারে তার চিকিৎসা ও প্রয়োজনীয় খাবারের যথাযথ ব্যবস্থা করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, খালেদা জিয়া জীবনের শেষ সময় পর্যন্ত রাজনৈতিক সংগ্রাম চালিয়ে গেছেন। মৃত্যুবরণ করলেও তিনি রাজনীতিতে বিজয়ী হয়েছেন, আর শেখ হাসিনা পরাজিত হয়েছেন।

অনুষ্ঠানে রিজভী বলেন, রাজনীতির অন্যতম ভিত্তি হলো সংস্কৃতি। রাজনৈতিক দলের নেতাদের মধ্যে সংস্কৃতিচর্চা, শিল্প-সাহিত্য ও সৃজনশীলতার প্রতি আগ্রহ থাকা প্রয়োজন। এসব গুণ না থাকলে কেউ ক্ষমতাবান হতে পারেন, কিন্তু একজন আদর্শ রাজনীতিবিদ হয়ে উঠতে পারেন না।

খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, তার জীবন, নেতৃত্ব, শাসনামল এবং দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের ইতিহাস অল্প সময়ে তুলে ধরা সম্ভব নয়।

রিজভী বলেন, মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ের একটি উক্তি রয়েছে—‘মানুষ মৃত্যুবরণ করে, কিন্তু পরাজিত হয় না।’ তার মতে, খালেদা জিয়া সেই বিরল মানুষদের একজন, যারা মৃত্যুর পরও তাদের আদর্শ ও সংগ্রামের মাধ্যমে মানুষের মাঝে বেঁচে থাকেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর অনুপ্রেরণা দিয়ে গেছেন এবং নিজের রাজনৈতিক জীবনের মাধ্যমে এর উদাহরণ তৈরি করেছেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষক সঞ্জয় দে রিপনের সভাপতিত্বে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তার, ডা. জহুরুল হক, বিএনপি নেতা শিপন খানসহ আরও অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন শামীম রাব্বি সঞ্চয়।