...|...|...

বিনোদন

ক্যান্সারে আক্রান্ত ইবরার টিপুর বিষয়ে যা জানালেন স্ত্রী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, সকাল ৬:১০ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৪৯
Shares
ক্যান্সারে আক্রান্ত ইবরার টিপুর বিষয়ে যা জানালেন স্ত্রী

জনপ্রিয় সংগীত পরিচালক ইবরার টিপু। ছবি: সংগৃহীত

জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সম্প্রতি তার একটি ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই তার স্বাস্থ্য নিয়ে নানামুখী আলোচনার সৃষ্টি হয়। অবশেষে ভক্তদের উদ্বেগের অবসান ঘটিয়ে বিষয়টি খোলাসা করেছেন টিপুর স্ত্রী ও সংগীতশিল্পী বিন্দু কণা।

ইবরার টিপুর অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তায় বিন্দু কণা জানান, প্রায় দুই বছর আগে ইবরার টিপুর কিডনিতে ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে দীর্ঘ ও জটিল চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। বর্তমানে তিনি চিকিৎসা-পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

বিন্দু কণা বলেন, টিপুর শরীরে বড় একটি অস্ত্রোপচার হয়েছে। তাই শারীরিক দুর্বলতার কারণে তার কথা বলতে কিছুটা সমস্যা হচ্ছে। অনেকে ভিডিও দেখে চিন্তিত হয়ে যোগাযোগ করছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। তবে এই মুহূর্তে টিপুর পক্ষে সবার সাথে কথা বলা সম্ভব নয়। তিনি আরেকটু সুস্থ হলে নিজেই সবার সাথে যোগাযোগ করবেন।

দীর্ঘদিন বিষয়টি কেন গোপন রাখা হয়েছিল, তার ব্যাখ্যা দিয়ে বিন্দু কণা বলেন, আমরা শুরু থেকেই বিষয়টি ব্যক্তিগত রাখতে চেয়েছিলাম। কিন্তু সাম্প্রতিক ভিডিওতে টিপুর শারীরিক পরিবর্তন দেখে অনেকেই বিভ্রান্ত হয়েছেন, তাই পরিস্থিতির তাগিদে সত্যটি জানানো প্রয়োজন মনে করেছি। সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন।

এর আগে এক সাক্ষাৎকারে ইবরার টিপু নিজেই তার অসুস্থতার কথা জানিয়েছিলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত থেরাপি গ্রহণের পাশাপাশি মানসিকভাবে শক্ত থাকতে নিজেকে সংগীতচর্চায় ব্যস্ত রেখেছেন তিনি। নতুন গান তৈরির কাজই তাকে এই কঠিন লড়াইয়ে টিকে থাকার শক্তি জুগিয়েছে বলে জানিয়েছিলেন এ শিল্পী।

তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সংগীতাঙ্গনে নিজের মেধার স্বাক্ষর রেখে আসছেন ইবরার টিপু। অসংখ্য জনপ্রিয় গানের সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে নির্মিত ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ গানটি তাকে দেশজুড়ে আকাশচুম্বী জনপ্রিয়তা এনে দেয়। বর্তমানে পরিবারসহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন টিপু। দীর্ঘ চিকিৎসা ও সফল অস্ত্রোপচারের পর সবার দোয়ায় তিনি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় আছেন।