কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এমন সব ক্যানসারের চিকিৎসা পদ্ধতি খুঁজে বের করবে, যা মানুষের পক্ষে নিজেদের জীবদ্দশায় আবিষ্কার করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যভিত্তিক শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান আর্ম হোল্ডিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেনে হাস। খবর: বিবিসি।
বিবিসির ‘বিগ বস ইন্টারভিউ’ পডকাস্টে হাস বলেন, ক্যানসার কীভাবে ডিএনএর নির্দিষ্ট মার্কারকে প্রভাবিত করে, তা মডেল করা অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। তবে ভবিষ্যতে উন্নত কম্পিউটার এআইয়ের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে সক্ষম হবে। আমাদের জীবদ্দশাতেই ক্যানসার নিরাময়ে এআই যুগান্তকারী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কেমব্রিজভিত্তিক চিপ ডিজাইনার প্রতিষ্ঠান আর্ম হোল্ডিংসের তৈরি প্রযুক্তি বিশ্বজুড়ে শত শত কোটি স্মার্টফোন, গাড়ি ও ইলেকট্রনিক যন্ত্রে ব্যবহৃত হয়। নগদ বাজারমূল্যের হিসাবে চলতি গ্রীষ্মে এটি ইতিহাসের সবচেয়ে মূল্যবান ব্রিটিশ কোম্পানিতে পরিণত হয়েছে।
এআইয়ের দ্রুত বিকাশ নিয়ে কথা বলতে গিয়ে হাস জানান, চিপের ঘাটতির কারণে বর্তমানে ডেটা সেন্টার তৈরিতে কিছু বাধা রয়েছে। তবে আগামী পাঁচ বছরের মধ্যেই হিউম্যানয়েড বা মানবসদৃশ রোবটের ব্যাপক ব্যবহার শুরু হতে পারে।
এদিকে এআইয়ের এই সম্ভাবনা নিয়ে লন্ডনের ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চের অধ্যাপক ক্রিস বাকাল বলেন, চিকিৎসাক্ষেত্রে এআইয়ের ভবিষ্যৎ সবচেয়ে বড় কম্পিউটারের ওপর নির্ভর করছে না। বরং গবেষণাগার থেকে পাওয়া রোগীদের সঠিক তথ্য এআইকে কতটা নিখুঁতভাবে দেওয়া যাচ্ছে, তার ওপরই নির্ভর করছে সাফল্য।


