...|...|...

সারাদেশ

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:০৭
Shares
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে মিছিলটি বের করা হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে ঝাড়ু দেখা যায়। পরে মিছিলটি শহরের শহীদ চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে মহিলা দলের নেত্রীরা আমির হামজার বক্তব্যের প্রতিবাদ জানান। পাশাপাশি তার বক্তব্যের বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

অভিযোগের বিষয়ে সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেন, আমরা ভোট করে এখানে এমপি হয়েছি, সে কিসের এমপি। তাকে ২, ৩ ও ৪ নম্বর আসনে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকার কি এখানে দায়িত্ব দেওয়ার? হাত বাড়িয়ে এসে এটা প্রচার করা, ওটা উদ্বোধন করা-এসব হচ্ছে। সরকার টাকা দিলে আমার হাতে দেবে, তার হাতে কি সরকার টাকা দেবে? স্টেশনে কাজের জন্য সরকার টাকা আমার হাতে দেবে। সেই টাকা টেন্ডারের মাধ্যমে আমরা খরচ করব। সে কে?

অন্যদিকে সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আমির হামজার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তিনি তাদের ঊর্ধ্বতন নেতা ও জেলার নেতাদের নিয়ে মন্তব্য করেছেন। তার ধারণা, এ কারণেই নেতাকর্মীরা আমির হামজার বিরুদ্ধে মিছিল করে থাকতে পারেন।

মিছিল ও সমাবেশকে ঘিরে কুষ্টিয়া শহরে কিছু সময়ের জন্য রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়।