...|...|...

সারাদেশ

কিশোরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, আটক ২১

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:৫২ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:৫৫
Shares
কিশোরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, আটক ২১

কিশোরগঞ্জে মোবাইল ফোন ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। অভিযানে বিভিন্ন স্থান থেকে জুয়া পরিচালনা ও এতে অংশগ্রহণের অভিযোগে ২১ জনকে আটক করা হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কিশোরগঞ্জ মডেল থানার প্রাঙ্গণে আয়োজিত সাংবাদিক ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

পুলিশ জানায়, পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের সহযোগিতায় শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোয়েন্দা সংস্থার সদস্যরাও অংশ নেন। মোবাইল ফোন ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে জুয়া পরিচালনা এবং এতে অংশগ্রহণের অভিযোগে বিভিন্ন পর্যায়ে মোট ২১ জনকে আটক করা হয়।

ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, অনলাইন জুয়া ব্যক্তি, পরিবার ও সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে তরুণ সমাজকে এ ধরনের কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং প্রযুক্তিনির্ভর অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, অনলাইন জুয়ার সাথে জড়িত ব্যক্তি ও চক্রগুলোর বিষয়ে তথ্য সংগ্রহ এবং নজরদারি অব্যাহত রয়েছে। প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, অনলাইন জুয়া ও প্রযুক্তিনির্ভর অপরাধের সাথে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং প্রয়োজন অনুযায়ী তা আরও জোরদার করা হবে।

আটক ২১ জনকে প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।