মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক একান্ত সহকারী সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের গ্রামের বাড়িতে পেট্রলবোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোয়াজ্জেম হোসেন। এ সময় তার গ্রামের বাড়িতে বাবা-মা অবস্থান করছিলেন।
এ ঘটনায় মোয়াজ্জেম হোসেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, আমার গ্রামের বাড়িতে বাবা-মা দুজন থাকেন। কিছুক্ষণ আগে লীগের জঙ্গিরা আগুন লাগানোর চেষ্টা করছে। অগ্নিসন্ত্রাস করে বাঁচতে পারবা না।
মোয়াজ্জেম হোসেনের অভিযোগ, দুর্বৃত্তরা তার বাড়িতে পেট্রলবোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে। এতে বাড়িতে আগুন ধরে যায়। পরে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে পানি ঢেলে আগুন নেভান।
এ ঘটনায় তার পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে হামলার সাথে কারা জড়িত, কী ধরনের বস্তু নিক্ষেপ করা হয়েছে এবং এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


