বাণিজ্য ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেট বিভাগে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় হবিগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল করার বিরুদ্ধে হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহাসড়ক প্রসঙ্গে তিনি বলেন, আগামী ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে ঢাকা-সিলেট ৬ লেনের কাজ ৯০ শতাংশ শেষ করা হবে। তিনি বলেন, বর্তমান সরকার সিলেট বিভাগের জন্য ৫৩২৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিয়ে আসছে। স্বাধীনতার পরবর্তীতে সিলেটের জন্য এত বড় প্রকল্প কেউ গ্রহণ করতে পারে নাই। জনগণের প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিলা এমপি শাম্মী আক্তারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তনুর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সল, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
অন্যান্যাদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট এনামুল হক সেলিম, যুগ্ম আহ্বায়ক এডভকেট কামাল উদ্দিন সেলিম, হাজী এনামুল হক, নুরুল ইসলাম, মো. আব্বাস উদ্দিন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এডভোকেট মুদ্দত আহমেদ, জেলা যুবদলের সদস্যসচিব সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট ফাতেমা ইয়াসমিন, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমানসহ অনেকেই। পরে মন্ত্রী রাতে জেলা আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।


