...|...|...

সারাদেশ

ওড়না পেঁচিয়ে ভ্যানের চাকায়, প্রাণ গেল ১৩ বছরের কিশোরীর

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৩৭
Shares
ওড়না পেঁচিয়ে ভ্যানের চাকায়, প্রাণ গেল ১৩ বছরের কিশোরীর

একটি স্বাভাবিক যাত্রা যে মুহূর্তে মর্মান্তিক দুর্ঘটনায় পরিণত হতে পারে, তারই করুণ উদাহরণ ফরিদপুরের সদরপুরে।

চলন্ত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে জামিলা (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর কুমারিয়া থেকে মোল্লা গ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামিলা ঢেউখালী ইউনিয়নের চর কুমারিয়া গ্রামের সৌদি প্রবাসী মো. মহিউদ্দিন সিকদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামিলা ভ্যানে করে তার ভগ্নিপতি মো. রিয়াজুল শেখের বাড়ি মোল্লা গ্রামে যাচ্ছিল। পথে মোল্লা গ্রামের আব্দুর রাজ্জাক মাতুব্বরের বাড়ির কাছাকাছি শাখা সড়কে চলন্ত ভ্যানের চাকায় অসাবধানতাবশত তার পরনের ওড়না পেঁচিয়ে যায়। ওড়না চাকায় পেঁচিয়ে যাওয়ার সাথে সাথে জামিলা গুরুতর আহত হয়। তার চিৎকার ও দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জামিলাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদরপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে লাশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ফরিদপুরের সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আল মামুন শাহ বলেন, বিষয়টা আমরা জানতে পেরেছি এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি এই ঘটনায় একটি অপ মৃত্যুর মামলা হয়েছে বর্তমানে বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়াধীন রয়েছে ।