...|...|...

সারাদেশ

এমপির নির্দেশনায় প্রেস ক্লাবের কমিটি গঠন

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:২৭ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:২৮
Shares
এমপির নির্দেশনায় প্রেস ক্লাবের কমিটি গঠন

কুমিল্লার লাকসাম উপজেলা প্রেস ক্লাবের পাঁচ সদস্যের নতুন কমিটি গঠনে সংসদ সদস্য মো. আবুল কালামের নির্দেশনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক মহলে সমালোচনা শুরু হয়েছে। সাংবাদিক নেতারা বলছেন, প্রেস ক্লাবের মতো স্বাধীন সাংবাদিক সংগঠনের কমিটি গঠনে একজন সংসদ সদস্যের হস্তক্ষেপ অনভিপ্রেত। কুমিল্লার লাকসাম উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রকাশিত পাঁচ সদস্যের কমিটির তালিকায় বলা হয়েছে, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালামের নির্দেশনায় এ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে মুজিবুর রহমান দুলালকে। সাধারণ সম্পাদক হয়েছেন মো. নাসির উদ্দিন চৌধুরী। এ ছাড়া তমিজ উদ্দিন আহম্মদ চুন্নুকে যুগ্ম সাধারণ সম্পাদক, সেলিম চৌধুরী হীরাকে সাংগঠনিক সম্পাদক এবং এম. এ. জলিলকে প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটি গঠনের পেছনে যুক্তি হিসেবে বলা হয়েছে, লাকসামে একাধিক প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠন থাকায় গণমাধ্যমকর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে ঐক্যের অভাব রয়েছে। সাংবাদিকদের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠা, স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করা এবং প্রকৃত গণমাধ্যমকর্মীদের মর্যাদা রক্ষার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রকাশিত বক্তব্যে উল্লেখ করা হয়।

তবে কমিটি গঠনে সংসদ সদস্যের ভূমিকার বিষয়টি সামনে আসার পর সাংবাদিকদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সাংবাদিক নেতাদের মতে, প্রেস ক্লাবের নেতৃত্ব নির্ধারণে রাজনৈতিক প্রভাব থাকা স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য উদ্বেগজনক।

কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী এ বিষয়ে বলেন, ‘বিষয়টি মারাত্মক। কুমিল্লার সাবেক এমপি বাহার সাংবাদিকতায় হস্তক্ষেপ করতেন। আজকে দেখলাম লাকসাম প্রেস ক্লাবেও একই চিত্র। কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।’

কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু বলেন, ‘একজন এমপি উপজেলা প্রেস ক্লাবের কমিটি দিয়েছেন—এটা লজ্জাজনক। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ওপর হস্তক্ষেপ। যদি বিষয়টি সঠিক হয়ে থাকে, তাহলে এর তীব্র নিন্দা জানাচ্ছি।’

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন চৌধুরীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এই বিষয়ে পরে কথা বলব।’

এদিকে কমিটি গঠনে নিজের ভূমিকার বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য মো. আবুল কালাম বলেন, ‘আমি আংশিক কমিটি দিয়েছি। আমি প্রেস ক্লাবের প্যাডে কমিটি দিয়েছি।’ প্রেস ক্লাব কোনো রাজনৈতিক সংগঠন নয়, সে ক্ষেত্রে সংসদ সদস্য হিসেবে তিনি কমিটি দিতে পারেন কি না—এমন প্রশ্নের জবাবে আবুল কালাম বলেন, ‘আমার এলাকা হিসেবে আমি কমিটি দিয়েছি। এ বিষয়ে আমি আমার ওপরস্থ মহলের কথা বলেছি। আমার দলের সাথে কথা বলে দিয়েছি। আমি তো আইনপ্রণেতা হিসেবে নতুন এসেছি।’