উৎপাদন ও সেবা খাতের নির্দিষ্ট পণ্য ও সেবা সরবরাহকারীদের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনলাইনে মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন (দাখিলপত্র) পেশ বাধ্যতামূলক করা হয়েছে। শিগগিরই এনবিআরের ভ্যাট অনুবিভাগ থেকে এসংক্রান্ত আদেশ জারি করা হবে।
সূত্রে জানায়, জারির অপেক্ষায় থাকা আদেশে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারা এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর বিধানের আওতায় নির্ধারিত পণ্য ও সেবা সরবরাহকারীদের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে অনলাইনে দাখিলপত্র পেশ বাধ্যতামূলক।
উৎপাদন পর্যায়ে যেসব পণ্যের ক্ষেত্রে এ বাধ্যবাধকতা প্রযোজ্য হবে, সেগুলোর মধ্যে রয়েছে- সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস এবং রং ও বার্নিশ। এসব পণ্যের নির্ধারিত হেডিং নম্বরের বিপরীতে প্রযোজ্য সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড ব্যবহার করতে হবে।
অন্যদিকে সেবা পর্যায়ে বীমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা এবং মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারীদের ক্ষেত্রেও অনলাইনে দাখিলপত্র পেশের বিধান কার্যকর হবে।
আদেশে আরও বলা হয়, তালিকাভুক্ত পণ্য বা সেবার পাশাপাশি কোনো নিবন্ধিত ব্যক্তি সংশ্লিষ্ট অন্য কোনো পণ্য বা সেবা সরবরাহ কার্যক্রমের সঙ্গেও যুক্ত থাকলে তার ক্ষেত্রেও এ আদেশ প্রযোজ্য হবে।
এনবিআর সুত্র জানায়, অনলাইনে দাখিলপত্র পেশ বাধ্যতামূলক-সংক্রান্ত আগের কোনো আদেশ জারি করা হয়ে থাকলে নতুন আদেশ জারির পর সেসব আদেশ বাতিল বলে গণ্য হবে। তবে প্রয়োজন অনুযায়ী আদেশে উল্লেখিত খাতের তালিকায় সময় সময় সংশোধন বা বিয়োজনের ক্ষমতা জাতীয় রাজস্ব বোর্ড সংরক্ষণ করে।
এর আগে চলতি বছরে শুরুতে এনবিআরের তৎকালীন চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছিলেন, ২০২৬-২৭ অর্থবছর থেকেই আয়কর রিটার্নের মতো ভ্যাট রিটার্ন দাখিলও অনলাইনে দেওয়া বাধ্যতামূলক করা হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নীতি) মো. আজিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া সম্ভব হয়নি।

