রাজধানীর ৩০০ ফিট সড়ক বা পূর্বাচল এক্সপ্রেসওয়েতে উল্টো পথে মোটরসাইকেল চালানোর সময় ট্রাফিক সার্জেন্টের সাথে অসদাচরণের ঘটনায় দুই আরোহীকে সাত দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন লেডি বাইকার মোসা. স্বপ্না (২৭) ও মাহফুজুর রহমান।
ট্রাফিক বাড্ডা জোন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পূর্বাচল এক্সপ্রেসওয়ের একটি পয়েন্ট দিয়ে উল্টো পথে মোটরসাইকেল নিয়ে আসছিলেন তারা। সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সেখানে দায়িত্বে থাকা এক ট্রাফিক সার্জেন্ট তাদের থামার সংকেত দেন।
মোটরসাইকেল থামানোর পর সার্জেন্ট উল্টো পথে চলাচলের কারণ জানতে চান এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন। এ সময় দুই আরোহী তার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তারা কর্তব্যরত সার্জেন্টের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করছেন। একপর্যায়ে নারী আরোহী স্বপ্নাকে সার্জেন্টের সাথে উত্তেজিতভাবে কথা বলতে এবং তার দিকে তেড়ে যাওয়ার মতো আচরণ করতে দেখা যায়। এতে দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্ট বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।
পরে সরকারি কাজে বাধা, প্রকাশ্য সড়কে দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্টের সাথে অসদাচরণ এবং তাকে হেনস্তার অভিযোগে দুজনকে আটক করা হয়।
পরবর্তী সময়ে তাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে সাত দিনের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
ডিএমপি জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে শালীন আচরণ নিশ্চিত করতে নিয়মিত কার্যক্রম চলছে। ট্রাফিক আইন অমান্য, সরকারি কাজে বাধা কিংবা কর্তব্যরত পুলিশ সদস্যের সঙ্গে অসদাচরণের অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


