সামরিক উপায়ে ইরানকে বশে আনতে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন দেশটির ভেতরে বিভেদ তৈরির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (৩০ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
দেশটির বিভিন্ন বড় শহর ও প্রাদেশিক রাজধানীর মেয়রদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, সামরিক যুদ্ধের মাধ্যমে ইরানি জনগণকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব হয়নি। তার দাবি, এ কারণে এখন ইরানের অভ্যন্তরে মতবিরোধ ও বিভক্তি সৃষ্টি করাকেই প্রধান কৌশল হিসেবে বেছে নিয়েছে শত্রুপক্ষ।
তিনি বলেন, “সামরিক যুদ্ধের মাধ্যমে ইরানি জনগণকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হওয়ার পর শত্রুরা এখন অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি ও তা তীব্র করার ওপরই তাদের সমস্ত পরিকল্পনা নিবদ্ধ করেছে।”
এ পরিস্থিতিতে দেশের জাতীয় ঐক্য ও সংহতি অটুট রাখার ওপর জোর দেন ইরানের প্রেসিডেন্ট। তিনি সতর্ক করে বলেন, কোনো গোষ্ঠীর এমন ধারণা পোষণ করা উচিত নয় যে তারাই সবকিছু জানে বা কেবল তারাই সঠিক।
পেজেশকিয়ানের ভাষ্য, এ ধরনের মনোভাব দেশকে দুর্বল করতে পারে। সম্ভাব্য ষড়যন্ত্র মোকাবিলায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ও ঐক্যই সবচেয়ে কার্যকর উপায় বলে মন্তব্য করেন তিনি।


