ইরানের সঙ্গে চলমান উত্তেজনার অবসান খুব শিগগিরই হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই এই পরিস্থিতির পরিবর্তন হতে পারে এবং এর প্রভাব পড়বে বিশ্ব জ্বালানি বাজারেও।
সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ডাবলিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমার মনে হয় খুব শিগগিরই—সম্ভবত মধ্যবর্তী নির্বাচনের ঠিক পরেই—এটি ঘটবে।”
তিনি দাবি করেন, নির্বাচনকে প্রভাবিত করার জন্য ইরান সময়ক্ষেপণের চেষ্টা করছে। ট্রাম্প বলেন, “নির্বাচনকে জটিল করে তোলার জন্য তারা যথাসম্ভব সময়ক্ষেপণের চেষ্টা করছে। তবে আমার বিশ্বাস, জনগণ বিষয়টি বুঝতে পারছে।”
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, পরিস্থিতির সমাধান হলে জ্বালানির বাজারে বড় পরিবর্তন আসবে। তাঁর ভাষায়, “যখন এমনটা ঘটবে, তখন তেলের দাম হুড়মুড় করে কমে যাবে।”
তবে ইরানের সঙ্গে চলমান পরিস্থিতি কীভাবে শেষ হবে বা এ বিষয়ে কোনো আলোচনা চলছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।


