মস্কোর পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনে ৫ লাখের বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা প্রধান এয়ার চিফ মার্শাল স্যার রিচার্ড নাইটন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বার্তা সংস্থা অ্যাসোসিয়েটস প্রেসের বরাতে তিনি এ তথ্য প্রকাশ করেন।
ইউক্রেনে রাশিয়ার মোট দেড় লাখ হতাহতের ঘটনার মধ্যে এই নিহতদের সংখ্যা অন্তর্ভুক্ত রয়েছে বলে জানান স্যার রিচার্ড নাইটন। যুক্তরাজ্যের এই হিসাব ইউক্রেনীয় সামরিক বাহিনীর প্রকাশিত তথ্যের সাথে প্রায় মিলে যায়। তবে রুশ কর্মকর্তাদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রুশ সেনাবাহিনী আকারে বড় হলেও যুদ্ধক্ষেত্রে তারা সামনে এগিয়ে যেতে হিমশিম খাচ্ছে। পশ্চিমা কর্মকর্তা এবং বিশ্লেষকদের মতে, চলতি বছর রাশিয়ার অগ্রগতির হার উল্লেখযোগ্যভাবে ধীর হয়ে গেছে।
স্যার রিচার্ড নাইটন সাংবাদিকদের জানান, রাশিয়ার সশস্ত্র বাহিনী বিপুল পরিমাণ সামরিক সরঞ্জামও হারিয়েছে। এর মধ্যে রয়েছে ১০ হাজারেরও বেশি বর্মযুক্ত ও সুরক্ষিত যান, প্রায় ৩ হাজার বিমান প্রতিরক্ষা ও আর্টিলারি সিস্টেম এবং ৩৭০টির বেশি যুদ্ধবিমান ও হেলিকপ্টার। তবে ইউক্রেনের ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি কিছু বলেননি।
উল্লেখ্য, মস্কো বা কিয়েভ কেউই নিয়মিতভাবে তাদের যুদ্ধক্ষেত্রের ক্ষয়ক্ষতির আপডেট প্রকাশ করে না।


