...|...|...

খেলা

ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ, আইসিসির বড় শাস্তির মুখে পাকিস্তান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪৫
Shares
ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ, আইসিসির বড় শাস্তির মুখে পাকিস্তান

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে এমনিতেই ব্যাকফুটে পাকিস্তান ক্রিকেট দল। এবার তাদের ওপর নেমে এল আইসিসির বড় শাস্তির খড়্গ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এজবাস্টন টেস্টে ধীরগতির ওভাররেটের কারণে বাবর আজমের দলকে একদিকে যেমন মোটা অঙ্কের আর্থিক জরিমানা করা হয়েছে, অন্যদিকে তেমনি কেটে নেওয়া হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্ট।

ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে নির্ধারিত সময়ের চেয়ে ১১ ওভার কম বল করার জন্য পাকিস্তানকে দোষী সাব্যস্ত করা হয়। আইসিসির নিয়ম অনুযায়ী, ওভাররেটের ঘাটতির কারণে পাকিস্তানি ক্রিকেটারদের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

একই সাথে প্রতিটি কম ওভারের জন্য ১ পয়েন্ট করে পাকিস্তান দলের ঝুলির মোট ১১ পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে এই জোড়া শাস্তির সিদ্ধান্ত জানান।

এই বড় পয়েন্ট কর্তনের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় আরও পিছিয়ে পড়েছে পাকিস্তান। ৪.৬৩ পয়েন্ট শতাংশ নিয়ে পয়েন্ট টেবিলের নবম অর্থাৎ তলানিতে নেমে গেছে তারা। পাকিস্তানের সামনে ঘুরে দাঁড়ানোর পরবর্তী সুযোগ আসছে আগামী নভেম্বরে। ঘরের মাঠ রাওয়ালপিন্ডি ও লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে তারা।