...|...|...

খেলা

টেন্ডুলকারকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন রুট

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:০২
Shares
টেন্ডুলকারকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন রুট

জো রুট। ছবি: সংগৃহীত

ব্যাট হাতে মাঠে নামলেই নতুন ইতিহাস লেখাকে যেন অভ্যাস বানিয়ে ফেলেছেন জো রুট। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমে ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন এই ইংলিশ ব্যাটার।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ২৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করার রেকর্ড গড়েছেন রুট।

এই উচ্চতায় পৌঁছাতে তার লেগেছে ৫২১টি ইনিংস। এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে, যিনি ৫২২ ইনিংসে এই রেকর্ড গড়েছিলেন। তালিকায় রুটের ওপরে এখন কেবল বিরাট কোহলি; ৪৯০ ইনিংসে রেকর্ডটি নিজের করে রেখেছিলেন এই ভারতীয় ব্যাটার।

মাইলফলক স্পর্শ করতে মাত্র ৩ রান দূরে থেকে ব্যাট করতে নামেন রুট। চমৎকার একটি ‘রিস্ট ফ্লিক’ চারে বাউন্ডারি হাঁকিয়ে স্বপ্নের ঠিকানায় পৌঁছে যান তিনি।

বিশ্ব ক্রিকেটের অষ্টম এবং প্রথম ইংলিশ ব্যাটার হিসেবে ২৩ হাজার আন্তর্জাতিক রানের অভিজাত ক্লাবে নাম লেখালেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার। তার আগে এই কীর্তি গড়েছেন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে, রিকি পন্টিং ও জাক ক্যালিস।

টেস্ট ক্রিকেটে ইতিমধ্যেই শচীনের একাধিক রেকর্ড নিজের করে নিয়েছেন রুট। এখন ক্রিকেটবিশ্বের চোখ—টেস্টে শচীনের সর্বকালের সর্বোচ্চ রান (১৫,৯২১) ও সর্বোচ্চ ম্যাচের (২০০টি) রেকর্ড রুট ভাঙতে পারেন কি না। ১৪,২৭৮ রান নিয়ে শচীনের চেয়ে বর্তমানে ১,৬৪৩ রানে পিছিয়ে আছেন তিনি।

টেস্টে তার দাপট সর্বজনবিদিত হলেও ওয়ানডেতে রুটের পরিসংখ্যানও চোখধাঁধানো। ৫১-এর বেশি গড় ও ২০টি সেঞ্চুরি নিয়ে ওয়ানডেতে ইংল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই।