দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে রাষ্ট্রের মৌলিক কারিকুলাম অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি অভিযোগ করেছেন, প্রাথমিক স্তরে দেশের অনেক ইংলিশ মিডিয়াম স্কুল রাষ্ট্রীয় কারিকুলাম অনুসরণ করছে না।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে অক্সফোর্ড একিউ আয়োজিত স্কুল লিডার্স কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক পর্যায়ে একজন শিক্ষার্থী কত সময় বিদ্যালয়ে শিখনকালীন কার্যক্রমে ব্যয় করবে, তা এত বছরেও নির্ধারণ করা সম্ভব হয়নি। শিক্ষার গুণগত মান বাড়াতে কারিকুলাম যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, একজন বাসার ড্রাইভারেরও প্রশিক্ষণ থাকে। অথচ অনেক ক্ষেত্রে কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদানের দায়িত্ব পাচ্ছেন। এ ধরনের পরিস্থিতি অব্যাহত রাখা যায় না।
তিনি আরও বলেন, ভবিষ্যতের বৈশ্বিক শিক্ষা ব্যবস্থার মানদণ্ডের সাথে তাল মিলিয়ে চলতে সরকার কারিকুলাম অনুসরণ ও শিক্ষক প্রশিক্ষণের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এসব ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।


