...|...|...

সারাদেশ

আ.লীগ আমলে অকার্যকর বিদ্যুৎকেন্দ্রে মাসে শতকোটি টাকা ব্যয় হতো: চিফ হুইপ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:১৭ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৪২
Shares
আ.লীগ আমলে অকার্যকর বিদ্যুৎকেন্দ্রে মাসে শতকোটি টাকা ব্যয় হতো: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ সদস্য নুরুল ইসলাম মনি।

আওয়ামী লীগ সরকারের আমলে অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে প্রতি মাসে ২০০ থেকে ৩০০ কোটি টাকা ব্যয় করা হতো বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। তার দাবি, এসব বিদ্যুৎকেন্দ্রের পেছনে বিপুল অর্থ ব্যয়ের প্রভাব পড়েছে বিদ্যুতের উৎপাদন খরচে, যার বোঝা বহন করতে হচ্ছে গ্রাহকদের।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বরগুনার বামনা উপজেলার অডিটরিয়ামে অসহায় পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক, পূজামণ্ডপের জন্য সহায়তা কার্যক্রমের ডিও এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম মনি বলেন, দেশে অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে বিপুল অর্থ ব্যয়ের কারণে বিদ্যুতের খরচ বেড়েছে। এর প্রভাব পড়ছে গ্রাহকের বিদ্যুৎ বিলে।

তিনি আরও দাবি করেন, দেশ থেকে ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে, যা ছয়টি জাতীয় বাজেটের সমপরিমাণ। এ ছাড়া বর্তমান সরকার পাঁচ মাসে ঋণের ২৬ হাজার কোটি টাকা পরিশোধ করেছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে অসহায় পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক, পূজামণ্ডপের জন্য অনুদানের ডিও এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।