...|...|...

রাজনীতি

আমরা প্রতারণা করব না: হাসনাত

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, রাত ৯:২০ | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, সকাল ১১:১২
Shares
আমরা প্রতারণা করব না: হাসনাত

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন,  ‘দেশকে এগিয়ে নিতে এনসিপি নামক চারা গাছকে বৃক্ষে পরিণত করতে সমর্থন দিন, আমরা প্রতারণা করব না।’

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে যশোরের অভয়নগর পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের মালিক জনগণ ভোট বিক্রির মাধ্যমে নিজেদের গোলামির শৃঙ্খলে আবদ্ধ করে ফেলছে। ফলে ৫ বছর তাদের সেই সিদ্ধান্তের বোঝা টানতে হয়। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। জনগণ সচেতন হলে জনপ্রতিনিধিরাই ৫ বছর জনগণের সেবক হয়ে কাজ করতে বাধ্য হবে।

রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, রাজপথে নারীদের ব্যবহার করা হলেও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তাদের উপেক্ষা করা হয়। দেশের ৫১ শতাংশ নারী জনগোষ্ঠীকে বাদ দিয়ে একটি সুষম রাষ্ট্র গঠন সম্ভব নয়।

পথসভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, পলাতক শেখ হাসিনা দেশে ফেরার হুমকি দেন। কিন্তু শেখ হাসিনা আর কখনও বাংলাদেশে ফিরতে পারবেন না। এমনকি তার পরিবারের কারো দাফনও এ দেশে হবে না।

এসময় এনসিপির এনসিপি নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, যশোর জেলা সমন্বয়কারী মো. নুরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক মুনির আজাদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।