...|...|...

রংপুর

আদিতমারীতে নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, বিকেল ৫:৪৭ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:০৫
Shares
আদিতমারীতে নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূর মৃত্যু

আদিতমারী থানা। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারীতে যৌতুকের দাবিতে গোপনাঙ্গে এসিড নিক্ষেপের ঘটনায় দগ্ধ গৃহবধূ আমেনা খাতুন (২৮) নয় বছর পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২১ আগস্ট) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে আদিতমারী থানায় নতুন করে লিখিত অভিযোগ দিয়েছেন নিহতের ভাই জাকির হোসেন।

পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, আদিতমারী উপজেলার কমলাবাড়ী এলাকার আফজাল হোসেন আপনের সাথে আমেনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাকে নির্যাতন করা হতো। ২০১৭ সালের ২ সেপ্টেম্বর রাত ১১টার দিকে যৌতুকের টাকা না পেয়ে নিজ শয়নকক্ষে আমেনার গোপনাঙ্গে এসিড নিক্ষেপ করা হয়। এতে তিনি গুরুতর দগ্ধ হন।

ওই ঘটনায় আমেনার ভাই জাকির হোসেন বাদী হয়ে ২০১৭ সালের ২ সেপ্টেম্বর লালমনিরহাট আদালতে একটি সিআর মামলা করেন। মামলা নম্বর ৫১-১৭। দীর্ঘদিন ধরে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

এদিকে দীর্ঘ নয় বছর চিকিৎসা নেওয়ার পর আমেনার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১২ আগস্ট তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। পরে স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে যান। নিহতের পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব সজিব বলেন, ওই গৃহবধূর মৃত্যুর ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। মৃত্যুর কারণ নির্ণয় ও তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।