ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে গলায় কলসি ও চোখমুখ বাঁধা অবস্থায় ছাহেরা খাতুন (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার হাজীপুর গুচ্ছ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বংশী নদীতে লাশটি ভেসে যেতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহত ছাহেরা খাতুন ধামরাই উপজেলার হাজীপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তিনি একই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙালপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের মেয়ে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, বংশী নদীতে একটি লাশ ভেসে যেতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
তিনি আরও জানান, আজ সকালে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লাশের চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা থাকার বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে এবং নদীতে কীভাবে তার লাশ এলো, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।


