...|...|...

লাইফস্টাইল

আজ বিশ্ব দত্তক দিবস: প্রতিটি শিশু পাক নিরাপদ আশ্রয়

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, সকাল ৮:৪৪
Shares
আজ বিশ্ব দত্তক দিবস: প্রতিটি শিশু পাক নিরাপদ আশ্রয়

ছবি: সংগৃহীত

আজ ৯ নভেম্বর, বিশ্ব দত্তক দিবস (World Adoption Day)। দত্তক গ্রহণ সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি, দত্তক নেওয়া শিশুদের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি এবং পরিবারহীন শিশুদের জন্য নিরাপদ ও ভালোবাসাপূর্ণ আশ্রয়ের বার্তা ছড়িয়ে দিতে প্রতি বছর বিশ্বব্যাপী দিনটি পালিত হয়।

দিবসটির পটভূমি

২০১৪ সালে যুক্তরাষ্ট্রে ‘অ্যাডপ্ট টুগেদার’ (AdoptTogether)-এর প্রতিষ্ঠাতা হ্যাঙ্ক ফোর্টেনার (Hank Fortener) প্রথম এই দিবসের প্রচলন করেন। নিজে একটি দত্তক ও পালক পরিবারে বেড়ে ওঠা ফোর্টেনারের মূল লক্ষ্য ছিল, পৃথিবীতে যেন কোনো শিশু অভিভাবকহীন না থাকে এবং প্রতিটি শিশু একটি পরিবার পায়। এরপর থেকেই প্রতি বছর ৯ নভেম্বর দিবসটি পালিত হয়ে আসছে।

যেভাবে পালিত হয় দিনটি

বিশ্ব দত্তক দিবসের একটি অন্যতম প্রতীক হলো হাতের তালুতে ‘স্মাইলি ফেস’ বা হাসিমুখের ছবি আঁকা। এই দিবসে বিশ্বজুড়ে মানুষ নিজেদের হাতের তালুতে হাসিমুখ এঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে #WorldAdoptionDay হ্যাশট্যাগ দিয়ে ছবি প্রকাশ করেন। এটি মূলত দত্তক নেওয়া পরিবারগুলোর আনন্দ, আশা ও সংহতির প্রতীক। এছাড়া বিভিন্ন দেশে দত্তক বিষয়ক সেমিনার, অভিজ্ঞতা বিনিময় এবং অনাথ শিশুদের সহায়তায় তহবিল সংগ্রহের আয়োজন করা হয়।

গুরুত্ব ও প্রেক্ষাপট

বিশেষজ্ঞদের মতে, রক্তের সম্পর্কের বাইরেও ভালোবাসা ও দায়িত্ববোধের মাধ্যমে একটি সুন্দর পরিবার গড়ে উঠতে পারে। বিশ্বে কোটি কোটি শিশু এখনো পরিবার ও অভিভাবকহীন অবস্থায় বেড়ে উঠছে। এই শিশুদের নিরাপদ ভবিষ্যৎ, শিক্ষা ও মানসিক বিকাশ নিশ্চিত করতে দত্তক গ্রহণের প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করার পাশাপাশি সামাজিক কুসংস্কার দূর করা জরুরি।

বাংলাদেশেও পিতৃ-মাতৃহীন বা পরিত্যক্ত শিশুদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে অভিভাবকত্ব (Guardianship) ও দত্তক গ্রহণের সুযোগ রয়েছে, তবে এ বিষয়ে আরও স্পষ্ট আইনি কাঠামো ও সামাজিক সচেতনতা বৃদ্ধির তাগিদ দিয়ে আসছেন শিশু অধিকার কর্মীরা।