নতুন সময়সূচিতে চলাচল করবে মেট্রোরেল। রবিবার (৭ জুন) থেকে রাজধানীর দুই প্রান্ত–উত্তরা ও মতিঝিল থেকে রাতে ট্রেন চলাচলের সময় ২০ মিনিট করে বাড়ানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাতে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশে সর্বশেষ ট্রেনটি ছেড়ে যাবে সাড়ে ১০টায়, যা শনিবার (৬ জুন) পর্যন্ত রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যেত। অন্যদিকে উত্তরা থেকে মতিঝিলের পথে রাতের শেষ ট্রেনটি ছাড়বে ৯টা ৫০ মিনিটে, যা গতকাল রাতে ছেড়েছে সাড়ে ৯টায়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে সময় বাড়ানোর লক্ষ্যে এক মাস ধরে ট্রায়াল রান বা পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। আজ রবিবার থেকে এই বর্ধিত সময়ে যাত্রী পরিবহন শুরু হবে। তবে প্রাথমিকভাবে এই বাড়তি ২০ মিনিটে মেট্রোরেল উভয় দিক থেকে একটি করে ট্রিপ দেবে।
এর অর্থ একটি ট্রেন মতিঝিলমুখী ও অন্যটি উত্তরামুখী চলাচল করবে। এতে এই সময়ে একটি ট্রেনের সাথে অন্য ট্রেনের মধ্যবর্তী বিরতি বা হেডওয়ে থাকবে ১০ মিনিট।

