বার্ষিক সাধারণ সভা শেষে বেশ কিছু বড় সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গভর্ন্যান্স, সদস্যপদ এবং আর্থিক সহায়তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে পরিবর্তন আনার পাশাপাশি নতুন প্যানেল অনুমোদন করেছে আইসিসি বোর্ড। তবে বাংলাদেশের জন্য এর মধ্যে সবচেয়ে বড় খবরটি হচ্ছে-আইসিসির নবগঠিত একটি গুরুত্বপূর্ণ উপকমিটির চেয়ারম্যান করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগের জোয়ার এবং এর ভিড়ে আন্তর্জাতিক ক্রিকেটের ভারসাম্য বজায় রাখতে আইসিসি বোর্ড দুটি নতুন উপকমিটি গঠন করেছে। এর একটি হলো ‘ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটি’। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পথনকশা ও নিয়মকানুন দেখভালের জন্য গঠিত এই কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি তামিম ইকবালকে। ৫ সদস্যের এই কমিটিতে তার সঙ্গে আরও থাকছেন ভারতের দেভাজিত সাইকিয়া (বিসিসিআই), ইংল্যান্ডের রিচার্ড গোল্ড (ইসিবি), অস্ট্রেলিয়ার টড গ্রিনবার্গ (ক্রিকেট অস্ট্রেলিয়া) এবং নামিবিয়ার ড. রুডি ফন ভুরেন (ক্রিকেট নামিবিয়া)।
বোর্ডের গঠিত অপর কমিটি হলো ‘গভর্ন্যান্স রিভিউ কমিটি’। আইসিসির শাসনপ্রণালি পর্যালোচনার জন্য গঠিত এই কমিটির প্রধান করা হয়েছে বিসিসিআই সেক্রেটারি দেভাজিত সাইকিয়াকে। তিন সদস্যের এই কমিটিতে বাকি দুই সদস্য হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার ড. মোহাম্মদ মুসাজি ও আইসিসির স্বাধীন পরিচালক ড. রস রিভাজ।
এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য এই সভায় আরও একটি আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিসিবির নবনির্বাচিত সভাপতিকে আইসিসির পূর্ণ সদস্য ডিরেক্টর হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
এ ছাড়া সভায় ক্যারিবীয় অঞ্চলের ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়ন ও আর্থিক সহায়তার জন্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে (সিডব্লিউআই) ১ কোটি ২৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার ঋণ দেওয়ারও অনুমোদন দিয়েছে আইসিসি।

