অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যামডেন সিটি কাউন্সিলে ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান টুম্পা। লেবার পার্টির মনোনয়নে কাউন্সিলরদের সরাসরি ভোটে তিনি এ পদে নির্বাচিত হন।
সোমবার (৭ সেপ্টেম্বর) কাউন্সিলরদের ভোটে এলিজা রহমান ডেপুটি মেয়র নির্বাচিত হন। তিনি প্রথম বাংলাদেশি-অস্ট্রেলিয়ান নারী, যিনি সরাসরি কাউন্সিলরদের ভোটে ক্যামডেন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হলেন।
এলিজার বিজয়ের খবর ছড়িয়ে পড়লে অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। বাংলাদেশি কমিউনিটি নেতা ও অস্ট্রেলিয়ার প্রেস বাংলা মিডিয়ার প্রেসিডেন্ট রহমাতউল্লাহর নেতৃত্বে প্রবাসীরা এলিজাকে অভিনন্দন জানান।
রহমাতউল্লাহ জানান, এলিজার এই বিজয়ে নানা জাতি-বর্ণের দেশ অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের মুখ উজ্জ্বল হয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাংলাদেশি প্রজন্মের মধ্যে মেইনস্ট্রিম কর্মকাণ্ডসহ রাজনীতিতে প্রবেশে এটি উৎসাহ জোগাবে ।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় আছেন এলিজা রহমান। এর আগে গত দু’বছর তিনি নিউ সাউথ ওয়েলসের ক্যামডেন সিটি কাউন্সিলের কাউন্সিলর হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করেন। ডেপুটি মেয়র নির্বাচিত হওয়া সেই সাফল্যের স্বীকৃতি।
রহমাতউল্লাহ ছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দ গামা আব্দুল কাদির, ড. এম সিরাজুল হক, সফিকুল আলম, শামিম নোমান, সেলিমা বেগমসহ অনেকে এলিজা রহমানকে আন্তরিক অভিনন্দন জানান। তারা তার নতুন দায়িত্বের সাফল্য কামনা করেন।
এদিকে এলিজার বাবা বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ বলেন, আমার ছোট মেয়ে টুম্পা, গত দুবছর আগে তাদের বাসস্থান ক্যামডেন কাউন্সিলে কাউন্সিলর নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকেই এবার ডেপুটি মেয়র হিসেবে অস্ট্রেলিয়ান লেবার পার্টির মনোনয়নে ডেপুটি মেয়র নির্বাচিত হলেন। তার এই অর্জন আমার জন্য, পরিবারের জন্য এবং অবশ্যই সারা বিশ্বের বাঙালিদের জন্য গৌরবের।
তিনি আত্মীয়, বন্ধু ও স্বজনদের কাছে মেয়ের জন্য দোয়া প্রার্থনা করে বলেন, এলিজা রহমান টুম্পা এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সুষ্ঠু ও সফলতার সাথে পালন করে বাংলাদেশকে গৌরবান্বিত করতে পারে।


