...|...|...

বিশ্ব

অরুণাচলে চীনাদের দখলে ভারতের বিশাল ভূখণ্ড, অস্বীকার দিল্লির

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, সকাল ৯:২৯ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:৪৫
Shares
অরুণাচলে চীনাদের দখলে ভারতের বিশাল ভূখণ্ড, অস্বীকার দিল্লির

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। সেখানে তারা স্থায়ী সামরিক ঘাঁটি, ক্যাম্প ও সড়ক তৈরি করার পাশাপাশি স্থানীয়দের চারণভূমি ও কৃষিজমি দখল করে নিয়েছে বলে অত্যন্ত গুরুতর অভিযোগ তুলেছে রাজ্যের একটি আদিবাসী সংগঠন। তবে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এই দাবি সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং আনন্দবাজারের প্রতিবেদনে এই খবরটি উঠে এসেছে। অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি জেলার সীমান্তবর্তী অঞ্চলে ‘নাহ’ আদিবাসীদের বাস। তাদের সংগঠন ‘নাহ ওয়েলফেয়ার সোসাইটি’ (এনডব্লিউএস)-এর সভাপতি কেরু চাদের জানান, আপার সুবানসিরির তাকসিং রাজস্ব সার্কেলের আওতাধীন আসাফিলা এলাকার ওয়িং, পানিয়ার (চুজার্তা এলাকা), মারপান, পোত্রাং হ্রদ এবং টিনডিংতাং- এই পাঁচটি এলাকায় চীন ধীরে ধীরে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এর মধ্যে কিছু এলাকা স্থানীয়দের কাছে পবিত্র তীর্থস্থান হিসেবে গণ্য।

কেরু চাদের অভিযোগ করে বলেন, ‘এই জমি আমাদের পূর্বপুরুষদের। বহু যুগ ধরে এখানে আমাদের শিকার, চাষাবাদ ও পশুপালন চলত। কিন্তু ২০২০ সাল থেকে চীনা বাহিনী এগুলো পাকাপাকিভাবে দখল করে নেওয়ায় গত ৬ বছর ধরে আমাদের সেখানে যাওয়া পুরোপুরি বন্ধ হয়ে গেছে।’

তিনি আরও জানান, ১০-১৫ বছর আগে চীনারা মাঝে মধ্যে আসত, কিন্তু এখন তারা স্থায়ী পরিকাঠামো তৈরি করে স্থানীয় গ্রামবাসীদের প্রবেশে বাধা দিচ্ছে।

এই বিষয়ে সম্প্রতি আপার সুবানসিরি জেলার ডেপুটি কমিশনারের কাছে একটি স্মারকলিপি দিয়েছে আদিবাসী সংগঠনটি। সেখানে বলা হয়েছে, আন্তর্জাতিক সীমান্ত বরাবর কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানগুলো দখল করে চীন নিজেদের অবস্থান শক্তিশালী করছে।

কেরু চাদের বলেন, ‘সেনাবাহিনীর ওপর আমাদের পূর্ণ আস্থা আছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে শুধু তাদের প্রচেষ্টা যথেষ্ট নয়। আমরা প্রতিদিন ইঞ্চি ইঞ্চি করে আমাদের ভূমি হারাচ্ছি।’

বিষয়টি নিয়ে নাচো এলাকার বিধায়ক নাকাপ নালো গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, যেহেতু এটি জাতীয় নিরাপত্তার বিষয়, তাই প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগগুলো যাচাই করা প্রয়োজন। তবে এই বিষয়ে জেলা প্রশাসন বা অরুণাচল প্রদেশ সরকারের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।

অন্যদিকে, ভারতীয় সেনাবাহিনী এই অনুপ্রবেশের দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছে। এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, অরুণাচল প্রদেশে চীনের সামরিক বাহিনীর অনুপ্রবেশ এবং ঘাঁটি স্থাপনের যে খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ‘ভুল এবং ভিত্তিহীন’।

উল্লেখ্য, এর আগে লাদাখ সীমান্তেও একইভাবে চীনা বাহিনীর অনুপ্রবেশ ও স্থানীয় পশুপালকদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। তবে সে সময়ও ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, লাদাখে ভারতের এক ইঞ্চি জমিও চীন দখল করতে পারেনি।