বিদেশিদের জন্য বিনিয়োগের মাধ্যমে তুরস্কে বসবাসের অনুমতি পাওয়ার শর্ত শিথিল করেছে দেশটির সরকার। নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত খাতে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করলেই তিন বছরের রেসিডেন্সি বা বসবাসের অনুমতি পাওয়া যাবে। একই সুবিধার আওতায় থাকবেন বিনিয়োগকারীর পরিবারের নির্দিষ্ট সদস্যরাও।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সই করা ১১৯৯৪ নম্বর সিদ্ধান্তটি ২০২৬ সালের ১৮ নভেম্বর সরকারি গেজেটে প্রকাশিত হয় এবং একই দিন থেকে কার্যকর হয়েছে।
কত বিনিয়োগে কত বছরের রেসিডেন্সি
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকার নির্ধারিত খাতের যেকোনো একটিতে ১ লাখ ৫০ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিনিয়োগ করলে তিন বছরের বসবাসের অনুমতি পাওয়া যাবে।
বিনিয়োগের অঙ্ক ২ লাখ ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা হলে অনুমতির মেয়াদ হবে পাঁচ বছর।
তবে বিনিয়োগ নির্দিষ্ট সময় ধরে রাখতে হবে। দেড় লাখ ডলারের বিনিয়োগ অন্তত দেড় বছর এবং দুই লাখ ডলারের বিনিয়োগ কমপক্ষে আড়াই বছর ধরে রাখতে হবে। অর্থাৎ রেসিডেন্সির মোট মেয়াদের অন্তত অর্ধেক সময় বিনিয়োগ বহাল রাখা বাধ্যতামূলক।
কোন কোন খাতে বিনিয়োগ করা যাবে
নতুন নিয়মে কয়েকটি নির্দিষ্ট খাতে বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে—
তুরস্কের যেকোনো ব্যাংকে মেয়াদি আমানত রাখা, সরকারি বন্ড কেনা, আবাসন বিনিয়োগ তহবিল বা ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগ তহবিলে অর্থ বিনিয়োগ এবং নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত পরিকল্পনার আওতায় ব্যক্তিগত পেনশন ব্যবস্থায় অর্থ জমা দেওয়া।
প্রতিটি ক্ষেত্রেই সংশ্লিষ্ট সরকারি নিয়ন্ত্রক সংস্থার তত্ত্বাবধানে বিনিয়োগ করতে হবে।
তবে সরাসরি ফ্ল্যাট, বাড়ি বা জমি কিনে এই নিয়মের আওতায় রেসিডেন্সি পাওয়ার সুযোগ রাখা হয়নি।
পরিবারের কারা এই সুবিধা পাবেন
বিনিয়োগকারীর পাশাপাশি তাঁর স্বামী বা স্ত্রী এবং অপ্রাপ্তবয়স্ক কিংবা নির্ভরশীল বিদেশি সন্তানেরা এই বসবাসের অনুমতির জন্য আবেদন করতে পারবেন।
স্বামী বা স্ত্রীর আগের সম্পর্কের সন্তানও বয়স বা নির্ভরশীলতার শর্ত পূরণ করলে সুবিধার আওতায় আসতে পারেন।
তবে বিনিয়োগকারীর মা-বাবা, ভাইবোন এবং প্রাপ্তবয়স্ক ও স্বনির্ভর সন্তানরা এই বিনিয়োগের ভিত্তিতে রেসিডেন্সি পাবেন না।
রেসিডেন্সি পাওয়ার পর বছরে অন্তত আট মাস তুরস্কে অবস্থান করতে হবে। এর চেয়ে কম সময় দেশটিতে থাকলে অনুমতি বাতিল হওয়ার ঝুঁকি থাকতে পারে।
বিনিয়োগ নবায়নের মাধ্যমে দীর্ঘ মেয়াদে তুরস্কে বসবাস এবং ভবিষ্যতে নাগরিকত্বের সুযোগ তৈরির সম্ভাবনাও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।


