ফরিদপুর শহরের পশ্চিম আলীপুরে অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাসাটির বিদ্যুতের মেইন লাইনের তার, দুটি স্প্লিট এসির ভেতরের তামার তারসহ বাইরে থাকা বিভিন্ন মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তিনি।
এ ঘটনায় মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ফজলুর রহমান বাবু।
অভিনেতা জানান, পেশাগত কারণে তিনি পরিবারের সাথে ঢাকায় থাকেন। মাসে এক-দুইবার ফরিদপুরের পৈতৃক বাড়িতে আসেন। প্রায় ২০-২৫ দিন আগে বাড়িতে এসে দুই দিন অবস্থান করে তিনি ঢাকায় ফিরে যান। সোমবার রাতে আবার বাড়িতে এসে বিদ্যুতের লাইট জ্বালাতে গেলে দেখেন কোনো লাইটই জ্বলছে না।
পরে বাইরে গিয়ে তিনি দেখতে পান, মেইন লাইনের বৈদ্যুতিক তার কেটে নেওয়া হয়েছে। একইভাবে ছাদের দুটি স্প্লিট এসির ভেতরের তামার তারও কেটে নিয়ে গেছে চোরেরা। এ ছাড়া বাইরে থাকা আরও কিছু মালামাল চুরি হয়েছে।
ফজলুর রহমান বাবু বলেন, দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় ফ্রিজে থাকা খাবারসহ বিভিন্ন জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। এর আগেও প্রায় ছয়-সাত মাস আগে তার বাড়ির বৈদ্যুতিক তার কেটে নিয়ে গিয়েছিল চোরেরা।
তিনি বলেন, শুধু তার বাড়িতেই নয়, আশপাশের প্রায় প্রতিটি বাড়ি থেকেই নিয়মিত এসি, বৈদ্যুতিক তার ও গ্যারেজের সরঞ্জাম চুরি হচ্ছে। একসময় পশ্চিম আলীপুর শান্ত ও নিরাপদ এলাকা হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে সেখানে চুরির উপদ্রব বেড়েছে। স্থানীয়ভাবে জানা যায়, চুরির সাথে জড়িতদের অনেকেই মাদকসেবী। নেশার টাকা জোগাড় করতেই তারা এসব চুরি করছে বলে অভিযোগ রয়েছে।
ফজলুর রহমান বাবু বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আমরা শঙ্কিত।
স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে পশ্চিম আলীপুর এলাকায় চুরির ঘটনা বেড়েছে। পল্লীকবি জসীমউদ্দীনের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাড়িতেও সম্প্রতি তার কাটতে গিয়ে এক ব্যক্তি হাতেনাতে ধরা পড়েছিলেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিনেতা ফজলুর রহমান বাবু তার বাসভবন থেকে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন। চুরির সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।


