মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই নির্ধারিত সময়ের একদিন আগেই উইকেন্ড বা সাপ্তাহিক ছুটির অবকাশ যাপন কেন্দ্র ক্যাম্প ডেভিড ছেড়ে হোয়াইট হাউসে ফিরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
টাইম্স অব ইন্ডিয়ার তথ্যমতে, গ্রামীণ মেরিল্যান্ডের একটি বিচ্ছিন্ন ও সুরক্ষিত প্রেসিডেনশিয়াল রিট্রিট ক্যাম্প ডেভিড থেকে প্রেসিডেন্ট কেন হঠাৎ একদিন আগে ফিরে এলেন, সে বিষয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো কারণ জানানো হয়নি।
মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং বেশ কিছু কূটনৈতিক মিশন এলাকায় অপ্রত্যাশিত উত্তেজনার সম্ভাবনা রয়েছে মর্মে নিরাপত্তা সতর্কতা জারি করার পরই ট্রাম্পের ফিরে আসার এই ঘটনা ঘটল।
রবিবার (২০ সেপ্টেম্বর) স্টেট ডিপার্টমেন্টের সতর্কবার্তায় বলা হয়েছে, এই সামরিক সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সেই সাথে মার্কিন নাগরিকদের ওই অঞ্চলে ভ্রমণ ও যাতায়াত পুনর্বিবেচনা করারও আহ্বান জানানো হয়েছে।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের সাথে সম্পৃক্ত একটি সংঘাতের রিপোর্টের পরই সর্বশেষ এই মার্কিন সতর্কতা জারি করা হলো।
এদিকে, শনিবার ভোরে রিয়াদ লক্ষ্য করে হুথিরা একটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে বলে জানিয়েছে সৌদি আরব। অন্যদিকে হুথি বিদ্রোহীরা দাবি করেছে যে তারা সংবেদনশীল স্থানগুলোকে লক্ষ্যবস্তু করেছে, যা বৃহত্তর এই সংঘাত মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।
এই পটভূমির মধ্যেই সংঘাতের অবসান ঘটাতে আলোচনা পুনরুর্সূচনায় ওয়াশিংটনের কাছে সাতটি শর্ত পেশ করেছে ইরান।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজায়ি জানিয়েছেন যে, কাতার ওয়াশিংটনে এই শর্তগুলো পৌঁছে দিয়েছে এবং তেহরান এখন ট্রাম্পের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। রেজায়ি জনসমক্ষে এই দাবিগুলোর মধ্যে প্রধান তিনটি শর্তের কথা তুলে ধরেছেন—সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, ইরানের অবরুদ্ধ তহবিল অবমুক্ত করা এবং মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়া। তবে তিনি বাকি চারটি শর্ত জনসমক্ষে বিস্তারিতভাবে জানাননি।
রেজায়ি আরও সতর্ক করে দিয়ে বলেছেন যে, ওয়াশিংটন যদি তাদের দাবিগুলো প্রত্যাখ্যান করে, তবে একটি চূড়ান্ত যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে ইরান; আর ট্রাম্পের হুমকি কোনো ফল বয়ে আনবে না। তিনি বলেন যে তেহরান মধ্যস্থতাকারী হিসেবে কাতারের সাথে যোগাযোগ বজায় রেখেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে উত্তরের অপেক্ষায় রয়েছে।


