টানা বর্ষণে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত খুলনার দিঘলিয়া উপজেলার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। গত মঙ্গলবার উপজেলার যোগীপোল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও সেনহাটি ইউনিয়নের বেলেঘাট পশ্চিমপাড়া এলাকায় পৃথকভাবে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
যোগীপোল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন। এ সময় তিনি যোগীপোল ও আড়ংঘাটা ইউনিয়নের ৭৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল দেন এবং তাদের সার্বিক খোঁজখবর নিয়ে সরকারি সহায়তা অব্যাহত রাখার আশ্বাস জানান।
অন্যদিকে, খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত সেনহাটি ইউনিয়নের বেলেঘাট পশ্চিমপাড়া এলাকা পরিদর্শন করে আরও ৭৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন এবং জলাবদ্ধতায় দুর্ভোগে পড়া মানুষের সঙ্গে কথা বলেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল করিমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিনের টানা বর্ষণে নিচু এলাকা প্লাবিত হওয়ায় বহু পরিবার ঘরবন্দি হয়ে পড়ে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।
এমন সংকটময় পরিস্থিতিতে প্রশাসনের এই জরুরি খাদ্য সহায়তা দুর্গত মানুষের মাঝে তাৎক্ষণিক স্বস্তি ফিরিয়ে এনেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জলাবদ্ধতা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতি বিবেচনা করে দুর্গতদের মাঝে সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।

