সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের শিক্ষার সুযোগ সহজ করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত ‘এক টাকায় শিক্ষা’ প্ল্যাটফর্মের ‘স্বপ্ন সহযাত্রা’ কর্মসূচির আওতায় ২৫ শিশুর মাঝে স্কুলব্যাগ ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটসংলগ্ন জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া হিফজখানা ও এতিমখানায় এ কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষা উপকরণ পাওয়া ২৫ শিশুর মধ্যে ১৫ জন ছেলে ও ১০ জন মেয়ে।
‘এক টাকায় শিক্ষা’ ২০১৭ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ তৈরিতে কাজ করে আসছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে সংগঠনটির একটি ক্লাসরুম রয়েছে। সেখানে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়মিত পাঠদান করা হয়। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণসহ নানা কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।
আয়োজকরা বলেন, একটি স্কুলব্যাগ বা কিছু শিক্ষা উপকরণ অনেকের কাছে ছোট সহায়তা মনে হতে পারে। তবে সুবিধাবঞ্চিত একটি শিশুর শিক্ষাজীবনে এসব উপকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এমন উদ্যোগের মাধ্যমে শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের ভবিষ্যৎ গড়ার পথও সহজ করা সম্ভব। এ ধরনের কার্যক্রমে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে ‘এক টাকায় শিক্ষা’র প্রেসিডেন্ট সানু আক্তার নদী, জিএস অমর্ত্য সাহা, ইভেন্ট কো-অর্ডিনেটর আলিম বিন মুসা, অফিস সেক্রেটারি আলহাজ রানা, ক্লাসরুম ইনচার্জ রুম্মান আলম খানসহ প্ল্যাটফর্মটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া চাকসুর প্রতিনিধি মাসুম বিল্লাহ ও সোহানুর রহমান সোহানসহ আরও অনেকে অংশ নেন।
চাকসুর প্রতিনিধি সোহানুর রহমান সোহান বলেন, শিশুদের পাশে দাঁড়ানোর উদ্যোগকে আরও কার্যকর করতে প্রত্যেককে ব্যক্তিগতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে পাশে থাকলে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করার পথ আরও সহজ হবে।
‘এক টাকায় শিক্ষা’র প্রেসিডেন্ট সানু আক্তার নদী বলেন, ‘Give One Taka Daily, Change Bangladesh Gradually’ এই মূলমন্ত্র নিয়ে তারা ২০১৭ সাল থেকে কাজ করছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে তাদের ক্লাসরুম রয়েছে, যেখানে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়মিত পড়ানো হয়। সারাদেশের বিভিন্ন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা দেওয়ার পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইভেন্ট পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় রয়েছে।
প্ল্যাটফর্মটির জিএস অমর্ত্য সাহা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে প্রায় ১০ হাজার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন তারা। বর্তমানে এ কার্যক্রম নিয়মিতভাবে চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ‘স্বপ্ন সহযাত্রা’ কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, সবাইকে ‘এক টাকায় শিক্ষা’র অফিসিয়াল ওয়েবসাইটে নিবন্ধন করে সদস্য হওয়ার আহ্বান জানাই। মানুষের ছোট ছোট সহযোগিতার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ আরও সহজ করা সম্ভব।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে ‘এক টাকায় শিক্ষা’র কার্যক্রম শুরু হয়। বর্তমানে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা, নিয়মিত পাঠদান ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণসহ নানা কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি। সংগঠনটির নিজস্ব তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টের ক্লাসরুম প্রকল্পে ৭০ জনের বেশি শিক্ষার্থী নিয়মিত পাঠ গ্রহণ করছে।


