...|...|...

ক্যাম্পাস

চবিতে অননুমোদিত ফি নেওয়া নিষেধ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:২২
Shares
চবিতে অননুমোদিত ফি নেওয়া নিষেধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) আবেদনের পর বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটে অনুমোদিত ফি ও রশিদ ছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে সব ধরনের অর্থ আদায় বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের হিসাব নিয়ামক মো. আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিবৃতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটের সভাপতি ও পরিচালকদের উদ্দেশে বলা হয়, শিক্ষার্থীদের কাছ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত ফি ছাড়া কোনো ধরনের অর্থ নেওয়া যাবে না। একই সাথে রশিদ ছাড়া কোনো ফি গ্রহণ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে চাকসুর দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘আজ নোটিশ হয়েছে এবং এটি কার্যকর হবে। এখন শিক্ষার্থীদের উপস্থিতি কম হলে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবে কি না, তা বিভাগ বিবেচনা করবে।’

তিনি আরও বলেন, ‘আগে যেসব ফি নেওয়া হয়েছে তা ফেরত দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের জানানো হয়েছে, এগুলো নাকি শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হয়েছিল।’