...|...|...

ক্যাম্পাস

চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে আন্দোলন, দ্বিতীয় দিনে গণস্বাক্ষর

চুয়েট প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:১৬
Shares
চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে আন্দোলন, দ্বিতীয় দিনে গণস্বাক্ষর

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন চলছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) শিক্ষার্থীরা এ উপলক্ষে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছেন।

সকাল ১১ টা ২০ মিনিট থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়। এসময় তারা সারিবদ্ধ ও স্বতঃস্ফূর্তভাবে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেয়। গণস্বাক্ষর কর্মসূচিতে তারা তাদের শিক্ষার্থী আইডি ও স্বাক্ষর প্রদান করেন।

গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেওয়া যন্ত্রকৌশল বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ফারহান হাসনাত আদিব জানান, গত ২১ তারিখ বিনা নোটিশ এ আমাদের আবু সাদাত সায়েম স্যার কে ভিসি পদ হতে অব্যহতি দেওয়া হয়। তার প্রতিবাদ কর্মসূচি হিসেবে আমরা ২১ তারিখ রাতেই বিক্ষোভ মিছিল করি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আমাদের কর্মসূচি হিসেবে চুয়েট কমপ্লিট শাটডাউন রাখা হয়। আজকে আমরা আমাদের আন্দোলন এর ২য় দিনে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছি, যা আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবো।আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন চলবে।

প্রসঙ্গত, সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদ থেকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে তারা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেন