...|...|...

খুলনা

মামুনুল হকের উদ্যোগে দুস্থদের মাঝে হুইলচেয়ার-ভ্যান বিতরণ

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, সকাল ৮:৩৩ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬, সকাল ৬:১০
Shares
মামুনুল হকের উদ্যোগে দুস্থদের মাঝে হুইলচেয়ার-ভ্যান বিতরণ

মামুনুল হকের উদ্যোগে দুস্থদের মাঝে হুইলচেয়ার-ভ্যান বিতরণ। ছবি: টাইমস টুডে

বাগেরহাটের মোল্লাহাটে অসহায় ও দুস্থ মানুষের চলাচল এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ৫০ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার এবং ৫০ জন অসচ্ছল কর্মক্ষম মানুষের মাঝে ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ‘তাগলিবে দীন ফাউন্ডেশন’-এর উদ্যোগে এবং ‘গরিব এতিম ট্রাস্ট ফান্ড’-এর ব্যবস্থাপনায় মোল্লাহাটের খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির ও তাগলিবে দীন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গরিব এতিম ট্রাস্ট ফান্ডের প্রতিষ্ঠাতা পরিচালক সালেহ আহমেদ ও বাংলাদেশের সমন্বয়কারী মাওলানা আক্তারুজ্জামান। সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের মোল্লাহাট উপজেলা আমির মাওলানা হাফিজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, সমাজের অবহেলিত, এতিম, অসহায় ও শারীরিক প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ঈমানি দায়িত্ব। সমাজের বিত্তবানদের উচিত এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসা। সহযোগিতার মাধ্যমে একজন অসহায় মানুষকে অন্যের ওপর নির্ভরশীল না রেখে স্বাবলম্বী করে গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, মানুষের কল্যাণে নেওয়া এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। অসচ্ছল মানুষের হাতে কর্মের উপকরণ তুলে দিলে তারা নিজেদের আয়ের ব্যবস্থা করতে পারবেন এবং পরিবারের দায়িত্ব পালনে ভূমিকা রাখতে পারবেন।

হুইলচেয়ার পাওয়া প্রতিবন্ধী আবুল হোসেন বলেন, চলাফেরা করতে অনেক কষ্ট হতো। নিজের ইচ্ছেমতো কোথাও যেতে পারতাম না। হুইলচেয়ারটি পাওয়ায় এখন চলাচলে অনেক সুবিধা হবে। যারা আমাদের কথা চিন্তা করে এই সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

ভ্যান পাওয়া এক অসচ্ছল ব্যক্তি নাইমুল ইসলাম বলেন, পরিবার চালাতে অনেক কষ্ট হতো। নিজের কোনো আয়ের ব্যবস্থা ছিল না। এই ভ্যানটি দিয়ে এখন নিয়মিত কাজ করে আয় করতে পারব। এতে সংসারের খরচ চালানোর পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ হবে।

আলোচনা সভা শেষে ৫০ জন শারীরিক প্রতিবন্ধীর হাতে হুইলচেয়ার এবং ৫০ জন কর্মক্ষম অসচ্ছল ব্যক্তির হাতে আয়ের মাধ্যম হিসেবে ভ্যানগাড়ি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে স্থানীয় ওলামায়ে কেরাম, সামাজিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।