অডিও ক্লিপ ছড়িয়ে পড়ায় ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে প্রত্যাহার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদরদফতরে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ওসি রাকিবুল হাসানকে ‘প্রশাসনিক কারণে’ প্রত্যাহার করা হয়েছে।
এর আগে বুধবার ১৬ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। সেখানে ওসি পরিচয়ে একজনকে সরকার, প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে সমালোচনামূলক বক্তব্য দিতে শোনা যায়। অডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
অডিও ক্লিপে তাকে বলতে শোনা যায়, ‘রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসে, তবে তারা কিছুই করতে পারবে না।’
অডিওতে ওই ব্যক্তি আরও অভিযোগ করেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকছেন। তবে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা একই অবস্থানে নেই বলেও দাবি করেন তিনি।
এ ছাড়া পুলিশের ভেতরে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও কথা বলতে শোনা যায় তাকে। ঘুষের বিনিময়ে পুলিশে পদায়নের কথাও উল্লেখ করেন তিনি।
অডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এর বিষয়বস্তু খতিয়ে দেখার কথা জানায় ডিএমপি।
ডিএমপি জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং প্রয়োজন হলে ওসি রাকিবুল হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।এর মধ্যেই তাকে ক্যান্টনমেন্ট থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করে ডিএমপি সদরদফতরে সংযুক্ত করা হয়েছে।
অডিও ক্লিপে থাকা বক্তব্যের বিষয়ে ওসি মো. রাকিবুল হাসানের বক্তব্য জানতে তার অফিসিয়াল নম্বরে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।


