...|...|...

রাজনীতি

সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য

ডিএজি ছোটনের বিরুদ্ধে লিখিত অভিযোগ রুমিন ফারহানার

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:২৬ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:১০
Shares
ডিএজি ছোটনের বিরুদ্ধে লিখিত অভিযোগ রুমিন ফারহানার

ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আপত্তিকর ও মানহানিকর’ মন্তব্য করার অভিযোগ এনেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী রুমিন ফারহানা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়ে ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

অভিযোগে রুমিন ফারহানা বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ডিএজি নজরুল ইসলাম ছোটন গত ১১ সেপ্টেম্বর নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। ওই পোস্টে তাকে লক্ষ্য করে ‘অত্যন্ত আপত্তিকর, মানহানিকর ও কুরুচিপূর্ণ’ ভাষায় মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

রুমিন ফারহানা অভিযোগ করেন, একজন দায়িত্বশীল সরকারি আইন কর্মকর্তার কাছ থেকে এ ধরনের হুমকি, অশোভন, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত আচরণ শুধু একজন নারী ও জনপ্রতিনিধি হিসেবে তার জন্য অপমানজনক নয়, একই সঙ্গে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ভাবমূর্তি ও পেশাদারিত্বকেও ক্ষুণ্ন করে।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় কোনো রাজনৈতিক দলের নয়, বরং সমগ্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করে উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রপক্ষের একজন ডিএজির কাছ থেকে এ ধরনের শিষ্টাচারবহির্ভূত আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে উপযুক্ত বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রুমিন ফারহানা।

অভিযোগের সঙ্গে প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্টের লিংক ও পোস্টের স্ক্রিনশট সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।