...|...|...

বিশ্ব

‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৩৭
Shares
‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

দীর্ঘ ২৬ বছর পর ‘হামমুক্ত’ বা হাম নির্মূলের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র। দেশটিতে একটানা এক বছরের বেশি সময় ধরে হাম সংক্রমণ অব্যাহত থাকায় এই স্বীকৃতি প্রত্যাহার করে নিয়েছে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পাহো)। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।

পাহোর নীতিমালা অনুযায়ী, কোনো দেশে টানা ১২ মাসের বেশি সময় ধরে হাম সংক্রমণ চলমান থাকলে দেশটির হাম নির্মূলের মর্যাদা বাতিল করা হয়। বিগত ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে বর্তমানে সবচেয়ে বড় হামের প্রাদুর্ভাবের মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এবং জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত দেশটিতে ৫ হাজার ৪০০ জনের বেশি মানুষের হাম সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। অথচ ২০২৫ সালে এই সংখ্যা ছিল ২ হাজার ২৮৯। অর্থাৎ এক বছরের ব্যবধানে আক্রান্তের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে।

এ ছাড়া চলতি বছর দেশটিতে হামে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে গত শুক্রবারই পেনসিলভানিয়া ও উইসকনসিন অঙ্গরাজ্যে নতুন করে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

এদিকে হামে মৃত্যুর হিসাব নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে অঙ্গরাজ্যগুলোর কিছুটা মতপার্থক্য রয়েছে। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের নিয়ম অনুযায়ী, হামে আক্রান্ত হওয়ার পর ৩০ দিনের মধ্যে অন্য কোনো স্পষ্ট কারণ ছাড়া মৃত্যু হলে সেটিকে ‘হাম-সংশ্লিষ্ট মৃত্যু’ হিসেবে গণ্য করা হয়।

উল্লেখ্য, অত্যন্ত সংক্রামক এই রোগটিকে ২০০০ সালে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র থেকে নির্মূল ঘোষণা করা হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মধ্যে টিকাদানের হার উল্লেখযোগ্য হারে কমেছে।

২০১৯-২০২০ শিক্ষাবর্ষে টিকাদানের হার ৯৫ দশমিক ২ শতাংশ থাকলেও, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে তা কমে দাঁড়িয়েছে ৯২ দশমিক ৪ শতাংশে। চিকিৎসকেরা বলছেন, টিকাদানের হার কমে যাওয়ার কারণেই দেশটিতে এই রোগের প্রাদুর্ভাব নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে।