শত্রুপক্ষের একাধিক ড্রোন একসাথে শনাক্ত ও প্রতিহত করতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ভার্গভাস্ত্র’ নামের নতুন ড্রোনবিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে ভারত।
ভারতের প্রতিরক্ষা প্রতিষ্ঠান সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেড (এসডিএএল) জানিয়েছে, রাজস্থানের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ব্যবস্থাটির অভ্যন্তরীণ উন্নয়নমূলক পরীক্ষা সম্পন্ন হয়েছে।
‘ভার্গভাস্ত্র’ ভারতের প্রথম দেশীয়ভাবে নকশা ও তৈরি দুই স্তরের যানবাহনভিত্তিক ড্রোন প্রতিরোধী ব্যবস্থা। এটি একই সময়ে একাধিক শত্রু ড্রোন শনাক্ত করে সেগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।
এই ব্যবস্থায় দুটি স্তরের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রথম স্তরে রয়েছে আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত রকেট, আর দ্বিতীয় স্তরে রয়েছে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম নির্দেশিত ক্ষুদ্র ক্ষেপণাস্ত্র। ফলে ড্রোনের ঝাঁক থেকে তৈরি হুমকি মোকাবিলায় সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
ভারতীয় সেনাবাহিনীর বিশেষ চাহিদার ভিত্তিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রতিরক্ষা উৎপাদন বিভাগ ২০২৪ সালের ৯ জুলাই বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে এ প্রকল্পের প্রস্তাব আহ্বান করে। ‘মেক-২’ কর্মসূচির আওতায় যানবাহনভিত্তিক ড্রোন প্রতিরোধী ব্যবস্থা তৈরির উদ্যোগ নেওয়া হয়।
প্রথম পরিকল্পনায় রকেটনির্ভর একটি সংস্করণ তৈরির কথা ছিল। এতে একটি প্রোটোটাইপ এবং সফল প্রদর্শনের পর আরও ১২টি ব্যবস্থা সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়। প্রকল্পটির নির্ধারিত সময়সীমা ২০২৭ সালের ৩১ মার্চ।
তবে সেনাবাহিনীর প্রাথমিক চাহিদার বাইরে গিয়ে এসডিএএল নিজস্ব উদ্যোগে আরও উন্নত দ্বিতীয় সংস্করণ তৈরি করেছে। এতে যুক্ত হয়েছে স্বয়ংক্রিয় নির্দেশনাব্যবস্থা এবং ইনফ্রারেড সিকারযুক্ত ক্ষুদ্র ক্ষেপণাস্ত্র, যা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে।
সফল পরীক্ষার মধ্য দিয়ে ভারতের নিজস্ব ড্রোনবিধ্বংসী প্রযুক্তি উন্নয়নে নতুন অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।


