অন্যের বিপদে এগিয়ে গিয়ে প্রাণ দিতে হলো দুই নির্মাণশ্রমিককে। সহকর্মী ও প্রতিবেশীর সমস্যার কথা শুনে বাসের কাছে ছুটে গিয়েছিলেন তারা। কিন্তু সেখান থেকে আর জীবিত ফেরা হয়নি মুকুল ইসলাম ও শাকিব বসুনিয়ার। বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে প্রাণ হারিয়েছেন দুজনই। তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।
নিহত মুকুল ইসলাম (২৮) নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে। একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়ার বয়স ২২ বছর।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে বসুনিয়াপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
পরিবারের সদস্যরা জানান, মুকুল ও শাকিব দীর্ঘদিন ধরে কুমিল্লায় নির্মাণশ্রমিকের কাজ করতেন। প্রায় দুই মাস আগে তারা সেখানে কাজ করতে যান। শনিবার রাতে বাড়ি ফেরার প্রস্তুতি নেন শাকিব। যাত্রার খরচ না থাকায় স্ত্রী খুশী বেগমের কাছে এক হাজার টাকা চান। পরে স্ত্রী বিকাশের মাধ্যমে টাকা পাঠালে মুকুলসহ আরও কয়েকজনকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।
পথে বাস কাউন্টারে তাদের সাথে একই এলাকার প্রতিবেশী আতিক ইসলামের দেখা হয়। পাঁচজন শ্রমিক একটি বাসে এবং আতিক সায়মন এক্সক্লুসিভ পরিবহনের অন্য একটি বাসে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করেন।
রবিবার ভোর ৬টার দিকে শাকিব, মুকুলসহ তাদের তিন সহকর্মী সৈয়দপুরের ওয়াপদা মোড়ে বাস থেকে নামেন। বাড়ি যাওয়ার জন্য অটোরিকশার অপেক্ষায় থাকার সময় আতিক মুঠোফোনে শাকিবকে সেখানে অপেক্ষা করতে বলেন। পরে নিজের বাসে সমস্যার কথা জানিয়ে তাদের তারাগঞ্জ বাজারে যেতে বলেন।
এরপর শাকিব ও মুকুল অটোরিকশায় করে তারাগঞ্জে পৌঁছান। সেখানে গিয়ে তারা বাসের দরজায় আতিকের সাথে হেলপারের ধস্তাধস্তি দেখতে পান। পরিস্থিতি সামাল দিতে দুজন বাসের ভেতরে ওঠার চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, এ সময় বাসের হেলপার ও সুপারভাইজার তাদের ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অন্যজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
নিহত শাকিবের বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তার ছোট ভাইসহ এলাকার পাঁচজন কুমিল্লার ময়নামতি থেকে বাড়ি ফিরছিলেন। পথে প্রতিবেশী আতিকের সাথে তাদের দেখা হয়। আতিকের কাছে তিন লাখ টাকা ছিল বলে তিনি জানতে পেরেছেন। পরে আতিকের বাসে ঝামেলা হয়েছে জানিয়ে শাকিবকে তারাগঞ্জে যেতে বলেন। সেখানে গিয়ে বাসের দরজায় ধস্তাধস্তি দেখে শাকিব ও মুকুল এগিয়ে যান। একপর্যায়ে তাদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।
শাকিবের মা সোবেজা খাতুন বলেন, দুইমাস পর ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু ছেলের বদলে বাড়িতে এসেছে তার লাশ। ছেলের কী অপরাধ ছিল, কেন তাকে এভাবে প্রাণ দিতে হলো, এমন প্রশ্ন তুলে তিনি হত্যার বিচার দাবি করেন।
শাকিবের স্ত্রী খুশী বেগম জানান, দুই মাস আগে কাজের জন্য বাড়ি ছেড়েছিলেন তার স্বামী। শনিবার রাতে বাড়ি ফেরার কথা জানিয়ে ফোন করেন তিনি। হাতে টাকা না থাকায় এক হাজার টাকা বিকাশে পাঠান স্ত্রী। পরদিন স্বামীর বাড়ি ফেরার অপেক্ষায় থাকলেও সকালে তার মৃত্যুর খবর পান। ছোট সন্তানকে নিয়ে এখন কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
ঘটনার সময় নিহতদের সাথে থাকা সহকর্মী কাওসার ইসলাম বিজয় জানান, তারা চারজন একটি বাসে এবং আতিকুল ও হাসানুর অন্য বাসে ছিলেন। শনিবার রাত ৮টার দিকে তাদের বাস ছেড়ে যায়। রবিবার সকালে সৈয়দপুরে নামার পর আতিকুল ফোন করে ঝামেলার কথা জানান। প্রথমে অপেক্ষা করতে বললেও পরে তারাগঞ্জে যেতে বলেন। সেখানে পৌঁছে তারা বাসের দরজায় ধস্তাধস্তি দেখতে পান। এরপর শাকিব ও মুকুল এগিয়ে গেলে তাদেরও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। আতিকুল একটি ভবন নির্মাণের কাজ নিয়েছিলেন বলে শুনেছেন তিনি। তবে তার কাছে টাকা ছিল কি না, তা নিশ্চিত নন।
মুকুলের চাচি সালমা খাতুন বলেন, মুকুল ভালো ছেলে ছিলেন। দরিদ্র পরিবারের এই সদস্যকে হত্যার বিচার দাবি করেন তিনি। একইসাথে অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান।
তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা সামিদুল্লা সরকার জানান, মুকুলের বাবা মহুবার রহমান বাদী হয়ে মামলা করেছেন। মামলায় টাকা-পয়সার কোনো বিষয় উল্লেখ করা হয়নি। তবে এ নিয়ে অভিযোগ ওঠায় বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে পড়ে থাকতে দেখেন তারা। সেখানে সড়ক দুর্ঘটনার কোনো আলামত পাওয়া যায়নি। স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, ওই দুজনকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাসচালক মো. আজির হোসাইন (৩৬) ও হেলপার মো. শফিক বুজুর আলীকে (৩০) গ্রেফতার করা হয়েছে। আজির সুজালপুর গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে। শফিক বীরগঞ্জের দক্ষিণ সুজালপুর গ্রামের মৃত জয়নালের ছেলে।
ওসি আরও বলেন, গ্রেফতার দুজনের কাছ থেকে তিন লাখ টাকা উদ্ধারের তথ্য পাওয়া যায়নি। টাকার বিষয়টি সামনে আসায় সেটিসহ ঘটনার অন্যান্য দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


